বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এতে শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই নয়, পুরো অঞ্চলই উপকৃত হবে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাঁর অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে গতকাল শনিবার মজিনা এ মন্তব্য করেছেন। বাংলাদেশে ষোড়শ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি গতকাল দুপুরেই ঢাকায় এসেছেন।বাংলাদেশে ড্যান ডব্লিউ মজিনা অবশ্য নবাগত নন। গত দশকে তিনি ঢাকার মার্কিন দূতাবাসে কয়েক বছর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মজিনা বলেন, বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমার স্বপ্ন পূরণ হলো।’ পেশাদার কূটনীতিক ড্যান মজিনা ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক ও রাজনৈতিক কনসুলার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের আগে তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আফ্রিকার অ্যাঙ্গোলায় রাষ্ট্রদূত ছিলেন। মজিনা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘একটি স্বপ্ন নিয়ে আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অন্যের অংশীদার। দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মূল্যবোধের অনেক মিল রয়েছে। কৌশলগত কারণে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।’মজিনা বলেন, ‘আমি একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করব। আর এমন এক বাংলাদেশ হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই নয়, এ অঞ্চলের জন্যই মঙ্গলকর।’তাঁর দৃষ্টিতে বাংলাদেশের সামনের চ্যালেঞ্জগুলো কী ধরনের তা জিজ্ঞেস করা হলে মজিনা বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কাজ করব।’ এখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে বাংলাদেশ কাজ করছে। আর এ প্রক্রিয়ায় সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংক নিয়ে এক দশক আগের অভিজ্ঞতা তুলে ধরেন মজিনা। সে সময় গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নারীরা তাঁকে কীভাবে উজ্জীবিত করেছিল তা তুলে ধরে মজিনা বলেন, ‘গ্রামীণ ব্যাংককে ঘিরে সাম্প্রতিক ঘটনা আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। আমি মনে করি, সরকার, সুশীল সমাজ এবং গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের লোকজনের এটা স্বীকার করা উচিত যে প্রতিষ্ঠানটিকে কার্যকরভাবে চলতে দেওয়া উচিত।’ড্যান ডব্লিউ মজিনা ঢাকায় শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে জেমস এফ মরিয়ার্টির স্থলাভিষিক্ত হলেন।