যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও
চীনা প্রেসিডেন্ট হু জিনতাও গতকাল মঙ্গলবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী আন্দ্রেস বিমানঘাঁটিতে চীনা প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তাঁর এই সফরে চীনা মুদ্রার মানসংক্রান্ত বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশ দুটির মধ্যে আলোচনায় বাণিজ্য, উত্তর কোরিয়া ও ইরানের বিতর্কিত বিষয় স্থান পাবে।হু জিনতাও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে গতকাল রাতে এক নৈশভোজে অংশ নেন।এদিকে হিলারি ক্লিনটন চীনের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, খোলামেলা ও স্বচ্ছতাই চীন-মার্কিন সহযোগিতার মূল বিষয়। তিনি বলেন, ‘আমরা খোলামেলা আলোচনা দিয়ে শুরু করতে চাই। পারস্পরিক সমঝোতার ক্ষেত্রগুলো অনুসন্ধান এবং মতবিরোধ কমিয়ে আনতে চাই।’চীনের সঙ্গে বেশ কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের মতোবিরোধ চলছে। এর মধ্যে চীনা মুদ্রার মানসংক্রান্ত বিরোধ অন্যতম। যুক্তরাষ্ট্র বলছে, চীনকে এ ব্যাপারে আরও সহনীয় হতে হবে।তবে এ সপ্তাহের শুরুর দিকে একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে হু জিনতাও ওয়াশিংটনের ওই অভিযোগ উড়িয়ে দেন। বরং এটাকে মার্কিন মুদ্রাব্যবস্থার ত্রুটি বলে উল্লেখ করেন। আল জাজিরা, সিএনএন।