যুক্তরাষ্ট্র সফরে বিশ্বজিত্ ও প্রীতম
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গত বুধবার রাতে বাংলাদেশ ছাড়লেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্ ও প্রীতম আহমেদ। কুমার বিশ্বজিতের এটি পারিবারিক সফর আর প্রীতম স্টেজ শো, পরীক্ষা এবং অ্যালবামের প্রচারণার জন্য গেছেন। যুক্তরাষ্ট্রের এই সফরে কুমার বিশ্বজিতের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্র। যাওয়ার আগে কুমার বিশ্বজিত্ জানান, ‘এটা একেবারেই পারিবারিক সফর। কাজ শেষ করেই ফিরব। দেশেও অনেকগুলো কাজ জমে আছে।জানা গেছে, কুমার বিশ্বজিত্ ফিরে আসতে এক মাস সর্বোচ্চ দেড় মাস সময় লাগবে। পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে গেলেও সেখানকার আয়োজকরা এরই মধ্যে বেশ কিছু স্টেজ শোর আয়োজন করে রেখেছেন। আগ্রহ প্রকাশ করেছেন কানাডার আয়োজকরাও।কুমার বিশ্বজিত্ দেড় মাস থাকলেও প্রীতম যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন দুই মাস। ফেসবুকের মাধ্যমে আজ শুক্রবার সকালে প্রীতম লস-অ্যাঞ্জেলস থেকে জানান, ‘আল্লাহর রহমতে আজ নিরাপদে পৌঁছেছি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড় স্টেজ শো হবে। এ অনুষ্ঠানগুলোতে অংশ নিতেই এখানে আসা।’প্রীতম এও বলেন আমি নিউইয়র্ক গিটার একাডেমীতে মিউজিক নিয়ে পড়াশোনা করছি। এই সফরে সেই পড়াশোনার চূড়ান্ত পরীক্ষাটাও দিয়ে দেব বলে ভাবছি। উল্লেখ্য, ভালোবাসা দিবসেই প্রকাশ পেয়েছে প্রীতমের নতুন একক ‘ভালো থেকো’। স্টেজ শো ও পরীক্ষার পাশাপাশি এই সফরে প্রীতম যুক্তরাষ্ট্রের বিভিন্ন শোতে এবং প্রবাসী বাঙালিদের কাছে ভালো থেকো অ্যালবামের প্রচারণার কাজটিও করবেন।