যুক্তরাষ্ট্র সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়: ড্যান মজিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেখতে চায়। আর এ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।মজিনা আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক শেষে মার্কিন এ কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধ প্রসঙ্গে জানতে চাইলে মজিনা বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশকে একটি পদ্ধতি খুঁজে বের করতে হবে। আর এ পদ্ধতির ক্ষেত্রে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে এমনভাবে নির্বাচনের আয়োজন করতে হবে, যা সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে।’বাংলাদেশের দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে, মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের জন্য সমস্যা। সুশীল সমাজ, গণমাধ্যম ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সবাইকে নিয়ে সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি দমনে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রও সহায়তা করছে। আর এসব কর্মসূচিতে সুশীল সমাজ ও দুদক সবাইকে কার্যকরভাবে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।বাংলাদেশ-ভারত সম্পর্ক যথেষ্ট ভালো হয়েছে বলা হলেও টিপাইমুখ নিয়ে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছে, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড্যান মজিনা বলেন, ‘দুই প্রতিবেশীর বর্তমান সম্পর্ক আমাদের উদ্বুদ্ধ করছে। টিপাইমুখ বাঁধের মতো অমীমাংসিত বিষয় গঠনমূলক দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মীমাংসা করা সম্ভব। এ ছাড়া ট্রানজিট ও সীমান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তাকে আমরা ইতিবাচকভাবেই দেখছি।’বাংলাদেশে তাঁর লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে শীর্ষস্থানীয় এ কূটনীতিক বলেন, ‘উন্নত, গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সব ধরনের সহযোগিতা করব।’