যুক্তরাষ্ট্র সরকারি তথ্য জনসমক্ষে প্রকাশের জন্য ওয়েবসাইটের কথা ভাবছে
যুক্তরাষ্ট্রের প্রধান প্রযুক্তিবিদ বিবেক কুন্দ্রা সরকারি তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য ইউটিউবের মতো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য তথ্যপ্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, তিনি এমন একটি পৃথিবী কল্পনা করেন যেখানে যেকোনো ব্যক্তি ইচ্ছানুযায়ী নির্বিঘ্নে সরকারি তথ্য খুঁজতে, পেতে ও প্রাপ্ত তথ্য অন্য লোকজনকে জানাতে পারবেন।বিবেক কুন্দ্রা ইউএস ডাটা ডট গভ নামের ওয়েবসাইটটির দায়িত্বে আছেন, যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যেকোনো সরকারি পরিসংখ্যান জানতে পারে।কুন্দ্রা বলেন, ‘এমন একটি পৃথিবীর কথা কল্পনা করুন, যেখানে একটি তথ্যবহুল ওয়েবসাইট থাকবে এবং সেখান থেকে যে কেউ ইচ্ছানুযায়ী তথ্য নিয়ে তা ব্যবহার করতে এবং পরিবার, বন্ধুবান্ধব ও নীতিনির্ধারকদের সঙ্গে আদান-প্রদান করতে পারবে।’ডাটা ডট গভ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারকে মানুষের কাছে আরও বেশি স্বচ্ছ ও জবাবদিহি করার প্রচেষ্টার একটি অংশ। উদাহরণস্বরূপ, এর আওতায় ‘মতামত এলাকা’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে, যেখানে পৃথিবীর যেকোনো অঞ্চলের যেকোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কে তাঁর চিন্তা প্রকাশ করতে পারেন। যুক্তরাষ্ট্র সরকারের কাছে যে বিপুল তথ্যভান্ডার রয়েছে, তা জনসমক্ষে প্রকাশের জন্য ২০০৯ সালের মে মাসে বিবেক কুন্দ্রা ডাটা ডট গভ সাইটটি চালু করেন। বর্তমানে ডাটা ডট গভ সাইটে এক হাজার ২৭৬ সেট তথ্য রয়েছে, যা শুধু গত সপ্তাহে ২৫ হাজার ৬১৮ বার ডাউনলোড করা হয়। এসব তথ্য ব্যবহারকারী অ্যাপ্লিকেশনের সংখ্যাও প্রতিদিনই বেড়ে চলেছে।