যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পরিবর্তন আসছে। এ লক্ষ্যে ডিসেম্বর মাসের মাঝামাঝি কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। ডেমোক্র্যাটদলীয় কংগ্রেস সদস্য (ইলিনয়স) লুইস ভি. গুয়েটাইরেস এ বিলটি উত্থাপন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে ঘোষণা দিয়েছেন, আগামী বছরের (২০১০) প্রথম দিকেই তিনি অভিবাসন বিলটির একটি সুরাহা করতে চাইবেন। এর আগে প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশের আমলে অভিবাসন আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। প্রস্তাবিত নতুন বিলটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ না পেলেও এতে লাখ লাখ অবৈধ অভিবাসীর আইনি মর্যাদার বা বৈধ হওয়ার একটি প্রস্তাব রয়েছে বলে দি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা গত ১৬ ডিসেম্বর এক খবরে বলেছে। ওই খবর অনুসারে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের মধ্যে যারা প্রমাণ করতে পারবে যে তারা এখানে কাজ করছে, ইংরেজি ভাষা জানে এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ নেই, তারা ৫০০ ডলার জরিমানা দিয়ে একটি আইনি মর্যাদা, এমনকি ভবিষ্যতে নাগরিকত্ব অর্জনের সুযোগ পাবে। অবৈধভাবে অবস্থানকারীরা যুক্তরাষ্ট্রে থেকেই এটা করার সুযোগ পাবে। ২০০৬ সালের হিসাবে, যুক্তরাষ্ট্রে অভিবাসীর মোট সংখ্যা প্রায় চার কোটি। এ ছাড়া কোনো কাগজপত্র ছাড়া অর্থাত্ অবৈধভাবে থাকছে এমন অভিবাসীর সংখ্যা এক কোটি থেকে সোয়া কোটি। অভিবাসীর মধ্যে মেক্সিকো থেকে আগতরা সর্বাধিক, ২০১০ সালে এ সংখ্যা প্রায় এক কোটি হবে। যা মোট অভিবাসী জনসংখ্যার শতকরা ২৪ ভাগ। দ্বিতীয় স্থানে চীনা বংশোদ্ভূতরা; ২০১০ সালে তাদের সংখ্যা ১৯ লাখ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, প্রস্তাবিত নতুন অভিবাসন আইনে অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রস্তাব থাকায় রিপাবলিকান-দলীয় কংগ্রেস প্রতিনিধিরা এর সমালোচনা শুরু করেছেন। কংগ্রেসের অভিবাসন সংস্কার সংক্রান্ত ককাসের প্রধান ও রিপাবলিকান-দলীয় সদস্য (ক্যালিফোর্নিয়া) ব্রায়ান বিলব্রে ইতিমধ্যে মন্তব্য করেছেন, নতুন অভিবাসন আইনের প্রভাবে অভিবাসী আসার হার বাড়বে, যার ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় লোকজন কাজ পেতে আরও প্রতিযোগিতায় পড়বে। তার মতে, এখন বেকারত্বের হার ১০ ভাগ। তবে ওয়াশিংটন ডিসিভিত্তিক মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট সম্প্রতি তাদের এক গবেষণা প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর অবৈধ অভিবাসীদের প্রভাব অতি সামান্য। বরং তারা থাকার কারণে নিয়োগকারী এবং দেশের সার্বিক অর্থনীতি উপকৃত হয়। ক্যালিফোর্নিয়ার সানদিয়াগোভিত্তিক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অর্থনীতির অধ্যাপক গর্ডন হানসন ‘যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীসংক্রান্ত অর্থনীতি ও নীতিমালা’ নামে এই গবেষণাটি করেছেন। অধ্যাপক হানসন বলেছেন, অবৈধ অভিবাসী থাকার কারণে যুক্তরাষ্ট্রের নিয়োগকারীরা সস্তায় শ্রমিক পায়। এতে করে শ্রম খাতে অব্যয়িত অর্থ ব্যবসার মূলধন, জমি কেনা কিংবা প্রযুক্তি খাতে ব্যয় করে অধিক মুনাফা হয়। ইউনিভার্সিটি অব মিনেসোটার হিউবার্ট এইচ হামফ্রি ইনস্টিটিউট অব পাবলিক অ্যাফেয়ারসও ২০০৯ সালে করা এক গবেষণায় দেখিয়েছে, বৈধ-অবৈধ নির্বিশেষে অভিবাসীদের থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি লাভবান হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজারকে উদ্ধৃত করে গবেষণায় দেখানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রতিবছর অভিবাসীদের অবদান প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। এমনকি অবৈধ অভিবাসীরাও বিভিন্ন খাতে বছরে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার সরকারকে দিচ্ছে। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও ইনস্টিটিউটের অধ্যাপক ক্যাথেরিন ফিনেলি মনে করেন, অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলে তারা রাজস্ব দেওয়াসহ বিভিন্নভাবে সরকারি কোষাগারে অর্থ সরবরাহ করবে। অধ্যাপক ফিনোলি এক উপস্থাপনায় বলেন, বৈধ হওয়ার সুযোগের অভাবে অবৈধ অভিবাসীরা ঝুঁকির মধ্যে টিকে থাকছে। তার মধ্যে, যুক্তরাষ্ট্রে বৈধ পথে কাজ করতে আসার সুযোগ সীমিত থাকায় লোকজন সুযোগসন্ধানী দালালদের খপ্পরে পড়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমায়। তিনি মনে করেন, অভিবাসী কর্মীরা বৈধভাবে আসার পর্যাপ্ত সুযোগ পেলে অবৈধ পথ আর মাড়াবে না। লেখক, পিএইচডি মানবাধিকার আইনজীবী ওগবেষক এবং হামফ্রি ফেলো (যুক্তরাষ্ট্র)।