বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইইউ বলেছে, যুক্তরাষ্ট্রসহ কোনো কোনো দেশ অঙ্গীকার পালন করছে না, যা দুঃখজনক। তাদের নানা টালবাহানার কারণে দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার ইইউ বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য-সুবিধা দেওয়ার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। ইইউ আরও বলেছে, বহুল আলোচিত দোহা উন্নয়ন কার্যসূচি (ডিডিএ) এবং ২০০৫ সালের হংকং ঘোষণা যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয়।গতকাল বাণিজ্য ও উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ডিডিএ ও হংকং ঘোষণা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কেন এ নেতিবাচক মনোভাব—বিশেষজ্ঞরা এর কারণ অনুসন্ধান করেছেন।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন। প্রথম আলোকে তাঁরা বলেছেন, দোহা ও হংকং সম্মেলনের মূল সুর ছিল পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার। একে একে সব দেশই তা দিচ্ছে। কিন্তু ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ হিসেবে দেশটির আগামী নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছেন তাঁরা। অর্থাৎ শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিলে বারাক ওবামার আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়তে পারে। এবারের সম্মেলনে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা, বাণিজ্য ও উন্নয়ন এবং ডিডিএ—মোটাদাগে এ তিনটি বিষয় নিয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।গতকাল বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ। আজ দেবে ডিডিএ নিয়ে। এখানেও এলডিসি গ্রুপের পক্ষে একটি বিবৃতি দেবে বাংলাদেশ।গতকালের বিবৃতিতে সব স্বল্পোন্নত দেশের জন্য সুবিচার এবং নীতিভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা জোরদারসহ ডিডিএ সম্পন্ন করার কথা বলা হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ও বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সবাই একটি বিষয়ে একমত হয়েছে যে উন্নয়নের জন্য বাণিজ্যের কোনো বিকল্প নেই। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর বাজার-সুবিধা, কর্মসংস্থান এবং সর্বোপরি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা।এলডিসির সমন্বয়কারী, বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী অ্যান্টেনিও প্যাট্রিওটার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ফারুক খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী। কিছুদিনের মধ্যে ব্রাজিল বাংলাদেশে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে বলে জানান তিনি।এদিকে গতকাল উন্নয়নবন্ধু (ফ্রেন্ডস অব ডেভেলপমেন্ট) নামের একটি গ্রুপের বৈঠকে ডিডিএ অতি দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এ গ্রুপে রয়েছে এলডিসি, আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান-ক্যারিবিয়ান-প্যাসিফিক গ্রুপ, ছোট অর্থনীতির সমস্যাসংকুল দেশগুলো, আর্জেন্টিনা, ব্রাজিল, চীন, ইকুয়েডর, ভারত, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।বৈঠক শেষে এক ঘোষণায় বলা হয়েছে, দোহা রাউন্ডের সমাপ্তি ছাড়া প্রশ্নের মুখে পড়বে ডব্লিউটিও নিজেই।তবে দোহা সমাপ্তির জন্য কি সবকিছু আটকে থাকবে? এমন প্রশ্নের জবাবে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্য সাইফুদ্দিন ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, না, উন্নয়নশীল ও এলডিসি—সবাই মিলে এখন যুক্তরাষ্ট্রকে চাপ দিতে হবে। কারণ, দোহা আলোচনা শেষ হচ্ছে না মূলত যুক্তরাষ্টের কারণে।আজ শনিবার সম্মেলন শেষ হবে। তিন দিনবাপী বিভিন্ন অধিবেশন থেকে মূল বিষয়গুলো নিয়ে একটি বিবৃতি দেবেন সম্মেলনের চেয়ারম্যান নাইজেরিয়ার বাণিজ্যমন্ত্রী ওলুসেগান আগানগার।