যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো হবে—যুক্তরাষ্ট্রের এ ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে। সিনহুয়ার সম্পাদকীয়তে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর কথা বলেছেন। এতে এ অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসতে পারে। পরিবেশ রক্ষায় যুক্তরাষ্ট্র অতীতের মতো চীনকে সাহায্য করলে নিঃসন্দেহে তাতে দেশটির অর্থনীতি শক্তিশালী হবে।সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সেনা উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে শক্তি প্রদর্শন করবে, এটা ঠিক। তবে তা কোনো সমস্যা সৃষ্টি করবে না। তবে সেনা বৃদ্ধি করে অবিবেচকের মতো আচরণ করলে তা অহেতুক ঝামেলা বাড়াবে। এটা অনেকটা সাজানো দোকানে ষাঁড়ের আক্রমণের মতো হবে। এতে এখানকার বর্তমান স্থিতিশীলতা নষ্ট হবে। এদিকে, গত বৃহস্পতিবার বারাক ওবামা বলেন প্রতিরক্ষা বাহিনীর উপস্থিতি সীমিত থাকলেও সামরিক মান বজায় রাখা হবে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে অর্থনীতি শক্তিশালী করবে। আগামী দশকে প্রতিরক্ষা ব্যয় ৪৫০ বিলিয়ন ডলার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এ বছর শেষে প্রতিরক্ষা বাজেটও ৫০০ ডলার কমিয়ে ফেলা হয়েছে। এদিকে, চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্লোবাল টাইমস জানিয়েছে, ওয়াশিংটন কখনো চীনের অগ্রগতি ব্যাহত করতে পারবে না।