যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চীনের ভারতপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ান সম্মেলনের পর হাওয়া বদলে গেছে। ভারতের প্রতি তর্জন-গর্জনের পরিবর্তে এখন খানিকটা নরম সুরেই কথা বলছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার বেইজিং ও নয়াদিল্লির মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের কথা ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।গত শুক্রবার ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারত ও চীনের প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনা প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরতে গিয়ে গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ উইমিন সাংবাদিকদের বলেন, ‘পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, যা দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।’বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ব্যাপারে বেইজিং যে ভাষায় কথা বলেছে, তারা তা কেবল তাদের মিত্র ইসলামাবাদের ক্ষেত্রেই ব্যবহার করে। বেইজিং এ ধরনের মন্তব্যের মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্য থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখারই ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লিকে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে তেল উত্তোলন নিয়ে দেশ দুটির মধ্যকার বিরোধ নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানিয়েছে চীন।তবে এর আগে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের সঙ্গে ভারতের তেল আহরণের ব্যাপারে চীন তাদের আপত্তির কথা জানিয়েছে।এ প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ‘দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে বিভিন্ন আলোচনায় চীনের অবস্থান অনেকবার ব্যক্ত করা হয়েছে। এই বিরোধে আমরা বাইরের শক্তির সম্পৃক্ততা দেখতে চাই না। এমন কোনো বিদেশি প্রতিষ্ঠানকে আমরা এই কাজে সম্পৃক্ত হতে দেখতে চাই না, যা চীনের সার্বভৌমত্ব, অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে।’লিউ উইমিন জানিয়েছেন, বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আর কী কী করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে চীনের অবস্থান পরিষ্কার ও সংগতিপূর্ণ।’ লিউ উইমিন বলেন, ‘বিবদমান দেশগুলোর মধ্যে সরাসরি বন্ধুত্বপূর্ণ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে বিরোধের সমাধান হবে। বাইরের শক্তির হস্তক্ষেপ বা দ্বিপক্ষীয় বিষয়কে বহুপক্ষীয় ফোরামে নিয়ে গেলে সমস্যা জটিল হয়ে উঠবে।’ চীন-ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে লিউ উইমিন জানান, এ ব্যাপারে উভয় পক্ষই অসাধারণ সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে। পণ্য, প্রযুক্তি, অর্থ ও সেবার মুক্তপ্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টিতে উভয় দেশ সক্ষম হবে বলেও লিউ উইমিন আশা প্রকাশ করেন। এ ছাড়া অধিক বিনিয়োগের ব্যাপারে উভয় দেশের পারস্পরিক আগ্রহের বিষয়টিও তিনি উল্লেখ করেন। ভারতের বরাত দিয়ে লিউ উইমিন জানান, দেশ দুটির জনগণের সুবিধার জন্য ভারত কৌশলগত সহযোগিতার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে।