যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি ছাড়তে বলেছে ইসলামাবাদ
পাকিস্তানের শামসি বিমান ঘাঁটি ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সামরিক তল্লাশি চৌকিতে গতকাল শনিবার ন্যাটোর হামলায় অন্তত ২৮ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ এ নির্দেশ দিয়েছে বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে। একই সঙ্গে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদ। এর আগে গতকাল হামলার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো সেনাদের রসদ সরবরাহের সব গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে পাকিস্তান। ন্যাটোর হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকের পরই মার্কিন বাহিনীকে আগামী ১৫ দিনের মধ্যে পাকিস্তানের শামসি বিমান ঘাঁটি ত্যাগ করতে বলে ইসলামাবাদ।এর আগেও চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রকে একই ধরনের নির্দেশ দিয়েছিল পাকিস্তান। তখন ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সেনাদের শামসি বিমান ঘাঁটি ত্যাগ করতে বলেছিল পাকিস্তান। তবে উভয় দেশের মধ্যে সমঝোতার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত কার্যকর হয়নি। গতকালের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে সে দেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুনতারকে তলব করেছে। এদিকে ওবামা প্রশাসন এই হামলার পূর্ণ তদন্তের অঙ্গীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এক যৌথ বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে এ হামলা ও হতাহতের বিষয়ে কথা বলে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনা তদন্তে ন্যাটোর ঘোষণাকে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন করেছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সামরিক তল্লাশি চৌকিতে গতকাল শনিবার সামরিক জোট ন্যাটোর হামলায় অন্তত ২৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ১৪ জন আহত হন।এই হামলার পর পাকিস্তান আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়। ইসলামাবাদ ন্যাটোর এই হামলার নিন্দা জানিয়ে একে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) কমান্ডার জেনারেল জন অ্যালেন এই হামলার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।