যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি, ইরান থেকেই তেল নেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে এক বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এ কথা বলেন।কৃষ্ণা বলেন, ‘আমরা চাই উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। ওই অঞ্চলে থাকা ৬০ লাখ জনগোষ্ঠীর কথা ভেবে ও অর্থনীতিতে অঞ্চলটির গুরুত্ব বিবেচনা করেই অঞ্চলগুলোর ক্ষেত্রে আমাদের এই নীতি।’এশিয়ায় তিন জাতি সফরের সর্বশেষ পর্যায়ে হিলারি ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির প্রতি চাপ সৃষ্টি করতে ভারতের প্রতি তাগিদ দেন।জবাবে কৃষ্ণা বলেন, ‘আমাদের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ। তবে আমরা ইরান-ইস্যুটিকে জ্বালানি চাহিদার বাইরেও দেখছি। উপসাগরীয় অঞ্চলে আমাদের বাণিজ্যিক অংশীদারি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বহির্বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অন্যতম অংশীদার উপসাগরীয় দেশগুলো। এ অঞ্চলে বার্ষিক ১০০ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে ভারত। তা ছাড়া ভারতের মোট আমদানির ৬০ শতাংশ হয় ওইসব অঞ্চল থেকে।’প্রসঙ্গত, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির (এনপিটি) নির্দেশনা মানতে ইরানের প্রতি তাগিদ দেয় ভারত। একই সঙ্গে দেশটি শান্তিপূর্ণ উপায়ে ইরানের পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষেও মত দেয়। দ্য হিন্দু।