যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তল্লাশি হচ্ছে, ১৪টি দেশের বিমানযাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রশাসন জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ ১৪টি দেশের বিমানযাত্রীদের নিবিড় তল্লাশির নির্দেশ দিয়েছে। গতকাল সোমবার থেকেই কিউবা, ইরান, সুদান, সিরিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, ইরাক, লেবানন, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সোমালিয়া ও ইয়েমেনের যাত্রীদের অতিরিক্ত তল্লাশির সম্মুখীন হতে হচ্ছে। তবে এ তালিকায় বাংলাদেশের নাম না থাকায় প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি বোধ করছেন।এদিকে প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রে আসার ভ্রমণভিসা পুনঃপরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। আল-কায়েদাসহ জঙ্গিগোষ্ঠীর সম্ভাব্য হামলা রোধে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতি এ নতুন নির্দেশ জারি করেছে। নতুন নির্দেশ অনুযায়ী বিমানে যাত্রার সময়ও যাত্রীদের নতুন নিয়মকানুন মেনে চলতে হবে। বিমান অবতরণের এক ঘণ্টা আগে আসন থেকে ওঠা যাবে না। যাত্রী আসনে কম্বল বা চাদর ব্যবহার করা যাবে না। তালিকাভুক্ত ১৪টি দেশ হয়ে আসা অন্য যাত্রীদের ক্ষেত্রেও নতুন নির্দেশ কার্যকর হবে। বড়দিনে ডেট্রয়েট নগরের আকাশে মার্কিন যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়ার জঙ্গি হামলা চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিরাপত্তা নিয়ে মার্কিন সরকার নতুন করে উদ্বিগ্ন। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার বিকেলে নুয়ার্ক লিবার্টি বিমানবন্দরে এক বিমানযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় টার্মিনাল বন্ধ করে যাত্রীদের তল্লাশি করা হয়। সার্ভিলেন্স ক্যামেরায় ধারণ করা ভিডিও ছবিতে দেখা যায়, ওই যাত্রী নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়েছেন। এর পরই বোর্ডিং পাস পাওয়া কয়েক হাজার যাত্রীকে আবার তল্লাশি করা হয়। এদিকে প্রভাবশালী মার্কিন সিনেটর চার্লস শুমার বিমান পরিবহন নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। ঝুঁকিপূর্ণ দেশগুলোর বিমানবন্দরগুলোতে নিরাপত্তাব্যবস্থা মানসম্পন্ন করা না হলে ফ্লাইট বন্ধ রাখার জন্য মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তবে তিনি ঝুঁকিপূর্ণ কোনো দেশের নাম উল্লেখ করেননি। যেসব দেশ বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা মানসম্পন্ন করতে ব্যর্থ হবে, তাদের উচ্চ জরিমানা করার জন্য তিনি সংবাদ সম্মেলনে আহ্বান জানান। ইতিমধ্যে সন্দেহজনক দেশগুলোর যেসব নাগরিককে যুক্তরাষ্ট্রে আসার জন্য ভ্রমণ ভিসা দেওয়া হয়েছে, যেসব ভ্রমণ ভিসা পুনঃপরীক্ষা করার জন্য চার্লস শুমার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে ফরাসি দূতাবাস বন্ধ: স্থানীয় আল-কায়েদা গোষ্ঠীর হুমকির মুখে ফ্রান্স সরকার ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। গতকাল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৩ জানুয়ারি থেকে দূতাবাস প্রাঙ্গণে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইয়েমেনে অবস্থানরত ফরাসি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে রোববার ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সে দেশে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। ইয়েমেনে জাপানি দূতাবাস জানিয়েছে, তারা গতকাল থেকে কনস্যুলার সেবা বন্ধ করেছে। তবে অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।এদিকে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী রাজধানী সানায় বিমানবন্দর ও বিদেশি দূতাবাসগুলোয় নিরাপত্তা জোরদার করেছে। ইয়েমেনি কর্মকর্তারা জানান, আল-কায়েদার হামলা প্রতিরোধে দূতাবাস ও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া আদিবাসীরা জানিয়েছেন, রাজধানীর উত্তরে দুজন আল-কায়েদা সদস্যকে হত্যা করেছেন নিরাপত্তারক্ষীরা।