যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তল্লাশি হবে ১৪ দেশের বিমানযাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রশাসন জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ ১৪টি দেশের বিমানযাত্রীদের নিবিড় তল্লাশির নির্দেশ দিয়েছে। আজ সোমবার থেকে কিউবা, ইরান, সুদান, সিরিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, ইরাক, লেবানন, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সোমালিয়া ও ইয়েমেনের যাত্রীদের অতিরিক্ত তল্লাশির সম্মুখীন হতে হবে। তবে এ তালিকায় বাংলাদেশের নাম না থাকায় প্রবাসীরা স্বস্তিবোধ করছেন।এদিকে প্রভাবশালী মার্কিন আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রে আসার ভ্রমণ ভিসা পুনঃ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন । আল-কায়েদাসহ জঙ্গিগোষ্ঠীর সম্ভাব্য হামলা রোধে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতি এই নতুন নির্দেশ জারি করেছে। নতুন নির্দেশ অনুযায়ী বিমানে যাত্রার সময়ও যাত্রীদের নতুন নিয়মকানুন মেনে চলতে হবে। বিমান অবতরণের এক ঘণ্টা আগে আসন থেকে ওঠা যাবে না। যাত্রী আসনে কম্বল বা চাদর ব্যবহার করা যাবে না। তালিকাভুক্ত ১৪টি দেশ হয়ে আসা অন্য যাত্রীদের ক্ষেত্রেও নতুন নির্দেশ কার্যকর হবে। বড়দিনে ডেট্রয়েট নগরের আকাশে মার্কিন যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থ জঙ্গি প্রচেষ্টার পর নিরাপত্তা নিয়ে মার্কিনিরা নতুন করে উদ্বিগ্ন। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার পিকলে নুয়ার্ক লিবার্টি বিমানবন্দরে এক বিমানযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় টার্মিনাল বন্ধ করে যাত্রীদের তল্লাশি করা হয়। সার্ভিলেন্স ক্যামেরায় ধারণ করা ভিডিও ছবিতে দেখা যায়, ওই যাত্রী নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়েছে। এরপরই বোর্ডিং পাস পাওয়া কয়েক হাজার যাত্রীকে আবার তল্লাশি করা হয়।