যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন নিয়ে অনিশ্চয়তা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অভিবাসন সংস্কার আইন প্রণয়নে এখনো অনিশ্চয়তা কাটেনি। আটজন প্রভাবশালী আইনপ্রণেতা সমন্বিত অভিবাসন সংস্কার আইন ইতিমধ্যে চূড়ান্ত করেছেন। আইন প্রস্তাবটি এ সপ্তাহেই কংগ্রেসের জুডিশিয়াল কমিটিতে যাওয়ার কথা। কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপনের আগেই আইন প্রস্তাবটি বাধার মুখে পড়েছে।মার্কিন কংগ্রেসের রক্ষণশীল অংশের মতে, ‘গ্যাং অব এইট’ প্রণীত আইন প্রস্তাবটি আকারে অনেক বড়। অভিবাসন-সমস্যার সব বিষয় ধারণ করার জন্য ৮৪৪ পৃষ্ঠার খসড়া প্রণয়ন করা হয়েছে। সমস্যাগুলো আলাদা করে পৃথক আইন করার পক্ষে অতি রক্ষণশীলরা। গত মাসে বোস্টনে বোমা হামলার পর অভিবাসন সংস্কার আইন প্রণয়নে ধীরগতি অবলম্বনের জন্য চাপ সৃষ্টি হয়েছে। অভিবাসন সংস্কার আইন প্রণয়ন নিয়ে উচ্চকণ্ঠ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, আইনটি এ অবস্থায় কংগ্রেসে পাস করা সম্ভব হবে না।আইনপ্রণেতাদের আরও কিছু মতামত সমন্বয় করতে হবে।উদারনৈতিক একটি ধারাও ‘গ্যাং অব এইট’-এর খসড়া প্রস্তাবের বিরুদ্ধে এখন। প্রস্তাবে বৈধতা পাওয়ার পর নাগরিকত্বের জন্য ১৩ বছর অপেক্ষার বিধান রাখা হয়েছে। এ ছাড়া ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বৈধতার জন্য বিবেচনা করা হবে না। সমকামীদের জন্য আইন প্রস্তাবে পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়নি। ডেমোক্র্যাট আইনপ্রণেতা পেট্রিক লেহি ইতিমধ্যে বলেছেন, সমকামীদের জীবনসঙ্গীরা যাতে গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারেন, তার জন্য তিনি আইন প্রস্তাবে সংশোধনী আনবেন।ব্যয় বাহুল্যও অভিবাসন সংস্কার আইন প্রণয়নে অন্যতম বাধা বলে তুলে ধরা হচ্ছে। ব্যাপকসংখ্যক অবৈধ অভিবাসী বৈধতা পাওয়ার পর তাঁদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দিতে হবে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বেড়ে যাবে বহু গুণ। হেরিটেজ ফাউন্ডেশন এক প্রতিবেদনে বলেছে, অভিবাসন সংস্কার আইন বাস্তবায়িত হলে প্রায় সাড়ে ছয় ট্রিলিয়ন ডলারের ব্যয় বৃদ্ধি পাবে। এতে করে নাগরিকদের ওপর করের বোঝা বাড়বে বলে রক্ষণশীলদের পক্ষ থেকে বলা হচ্ছে।বাধা-বিপত্তি সত্ত্বেও অভিবাসন সংস্কার আইন পাস হবে বলে আবারও হোয়াইট হাউস থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রেস সেক্রেটারি জে কারনি বলেছেন, অভিবাসন আইনে স্বাক্ষর করাটা হবে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বড় অর্জন। অচিরেই প্রেসিডেন্টের স্বাক্ষর-উপযোগী আইন তাঁর কাছে উপস্থাপন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।