যুক্তরাষ্ট্রে অভিবাসন আইনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ
যুক্তরাষ্ট্রে অভিবাসন আইনের কড়াকড়ি নিয়ে খোদ রিপাবলিকান পার্টিই এখন বিভক্ত। একদিকে রাজনৈতিক সাফল্যের জন্য অভিবাসীদের সমর্থন প্রয়োজন। অন্যদিকে দলের রক্ষণশীলদের দলীয় চেতনা অভিবাসন বিষয়ে শক্ত অবস্থানের পক্ষে। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টিও অভিবাসন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ নয়। অতি উদারনৈতিক মহল অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পক্ষে। কিন্তু সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে এ ধারণাটি জনপ্রিয় নয়। রাজনৈতিক ঝুঁকির কারণেই ডেমোক্র্যাটিক পার্টির উল্লেখযোগ্য অংশ অভিবাসন প্রসঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করছে। তবে সমস্যা সমাধানে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রতিশ্রুতির কথা বারবার উচ্চারণ করছেন। কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ঐকমত্যে পৌঁছানোর কোনো লক্ষণ এখনো অনুপস্থিত। আইনপ্রণেতাদের উদ্যোগ ও ঐকমত্য ছাড়া মার্কিন অভিবাসন সমস্যার দ্রুত সমাধান হওয়ার ব্যাপারে সন্দেহ এখন প্রবল হয়ে উঠেছে।এদিকে কেন্দ্রীয় সরকারকে পাস কাটিয়ে গত মাসে অ্যারিজোনা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। রিপাবলিকানদের উদ্যোগে প্রণীত এ আইন গোটা যুক্তরাষ্ট্রে বিতর্কের জন্ম দিয়েছে। অভিবাসনের বৈধতা যাচাইয়ের জন্য তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। বিভিন্ন অঙ্গরাজ্যের প্রভাবশালী রিপাবলিকান গভর্নরদের অনেকেই অ্যারিজোনার অভিবাসন আইনের সমালোচনায় মুখর। নেভাদা অঙ্গরাজ্যের গভর্নর জিম গিবন, ভার্জিনিয়ার গভর্নর রবার্ট ম্যাকডোনাল, টেক্সাসের গভর্নর রিক পেরি এমন কঠোর আইন প্রণয়নের বিপক্ষে। অপরদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর পদে নির্বাচন প্রত্যাশী ম্যাগ হুইটম্যান রাজনৈতিক ঝুঁকিতে পড়েছেন অভিবাসনবিরোধী অবস্থানের কারণে। গত দুই মাসে তাঁর জনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় ৩৮ শতাংশ কমে গেছে। রিপাবলিকান হুইটম্যান অ্যারিজোনায় প্রণীত আইনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বিল ম্যাককলাম দুই সপ্তাহ আগেও অ্যারিজোনায় প্রণীত আইনের বিরোধিতা করেছিলেন। রাজ্য গভর্নর পদে নির্বাচিত হওয়ার প্রত্যাশায় এখন তিনি অ্যারিজোনার আইনের সমর্থনে বক্তব্য রাখছেন। অভিবাসন আইনের সংস্কার এখন রাজনৈতিক মেরুকরণের অনুষঙ্গ হয়ে উঠেছে। নির্বাচনী মাঠের হালচাল বিবেচনা করে অবস্থান পরিবর্তন করছেন অনেকেই। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের অন্যতম উপদেষ্টা কার্ল রভ বলেছেন, অভিবাসন নিয়ে তাঁদের সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি অ্যারিজোনায় প্রণীত আইনের প্রশংসা করেছেন। অথচ এই কার্ল রভই তাঁর উপদেষ্টা থাকাকালে জর্জ বুশ অভিবাসন আইনের সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। অবৈধদের শর্তসাপেক্ষে বৈধতা দেওয়ার লক্ষ্যে নেওয়া জর্জ বুশের উদ্যোগটি ভেস্তে গিয়েছিল কংগ্রেসে আইনপ্রণেতাদের মধ্যে অনৈক্যের কারণে।অভিবাসন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিলম্বিত উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয়ভাবে সমস্যা মোকাবিলার জন্য রাজ সরকারগুলো আইন প্রণয়নে বাধ্য হচ্ছে। এ বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে এক হাজার ১৮০টি অভিবাসন-সম্পর্কিত আইন প্রস্তাব উপস্থাপিত হয়েছে।রিপাবলিকান রাজনৈতিক বিশ্লেষক মেথিউ উড বলেছেন, অভিবাসন সমস্যা সমাধানে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তিনি বলেন, ওয়াশিংটনে নির্বাচিতেরা রাজনৈতিক কারণেই শক্ত পদক্ষেপ গ্রহণে অনিচ্ছুক। ফলে রাজ্য সরকারগুলো প্রায়ই শক্ত অবস্থান গ্রহণ করতে হচ্ছে অভিবাসন সমস্যা নিয়ে।সম্প্রতি নিউইয়র্ক টাইমস এবং সিবিএস কর্তৃক পরিচালিত জরিপে অভিবাসন নিয়ে সাধারণ মার্কিন জনগণের মিশ্র মনোভাব উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৫৭ শতাংশ লোক অভিবাসন সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পক্ষে। যদিও এ জরিপে ৫১ শতাংশ অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রণীত আইন যথার্থ বলে মতামত দিয়েছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে ৫৯ শতাংশ লোকজন অ্যারিজোনা আইনের পক্ষে বলে মতামত দিয়েছে।অ্যারিজোনার আইন অনুসরণ করে ইতিমধ্যে অন্যান্য অঙ্গরাজ্যেও অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে। অভিবাসনের বৈধতা না থাকলে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি এখন দুরূহ অধিকাংশ অঙ্গরাজ্যে। মা-বাবার অভিবাসন সনদ না থাকলে সন্তানকে স্কুল-কলেজে অনুদান বন্ধ করে দেওয়া হচ্ছে। ন্যূনতম স্বাস্থ্যসেবা গ্রহণেও অভিবাসন সনদ বাধ্যতামূলক হয়ে পড়ছে বিভিন্ন অঙ্গরাজ্যে।প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে পুনরায় বলেছেন, এ বছরের সধ্যেই অভিবাসন আইনের সংস্কার উদ্যোগ নেওয়া হবে। অভিবাসীদের দিয়ে রাজনৈতিক টানাহেঁচড়ার মধ্যে কার্যত প্রেসিডেন্ট বারাক ওবামার দিকে এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের অভিবাসী গ্রুপগুলো।