যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কার কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আলোচিত অভিবাসন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ১৭ লাখ অবৈধ অভিবাসী এই প্রকল্পে অংশ নিয়ে আরও দুই বছরের জন্য দেশটিতে অবস্থান ও কাজের সুযোগ পাবেন। গতকাল বুধবার বিবিসি অনলাইনে এ খবর জানিয়েছে।মূলত হিস্পানিক ভোটারদের চাপেই গত জুনে প্রেসিডেন্ট ওবামা এ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন। আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লাতিন ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।অভিবাসন সংস্কার কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অবৈধ অভিবাসীদের কাছ থেকে এরই মধ্যে আবেদনপত্র নেওয়া শুরু করেছে। এ জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের অভিবাসন কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক আবেদনকারীর ভিড় লক্ষ করা গেছে। আবেদন গৃহীত হলে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আরও দুই বছর বৈধভাবে অবস্থান ও কাজের সুযোগ পাবেন।প্রথম বছরে প্রায় ১৪ লাখ অভিবাসী এ প্রকল্পে আবেদন করতে পারেন বলে মনে করছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা।তবে ওবামার প্রতিপক্ষ রিপাবলিকানরা এই কার্যক্রমের সমালোচনা করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে।