যুক্তরাষ্ট্রে অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাবের বিরুদ্ধে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গতকাল শনিবার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত অস্ত্রনিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নিউইয়র্কে প্রায় দুই হাজার মানুষ সমাবেশ করেছে। টেক্সাসের সমাবেশে প্রায় ৬০০ মানুষ অংশ নিয়েছে। কানেটিকাটে অস্ত্র রাখার অধিকারের পক্ষে এক হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে। এ ছাড়া সমাবেশ হয়েছে টাম্পা, ওরেগা ও কলোরাডোয়।এসব সমাবেশে অংশগ্রহণকারীরা অস্ত্র অধিকারের পক্ষে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড বহন ও স্লোগান দেয়।বিক্ষোভকারীরা ওবামার প্রস্তাবিত অস্ত্রনিয়ন্ত্রণ আইন অনুমোদন না করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই আইনের কারণে নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার একটি নতুন অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করেছেন। তবে তাঁর এই প্রস্তাব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।প্রস্তাবে সামরিক হামলায় ব্যবহূত ও উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া অস্ত্র বিক্রির ক্ষেত্রে ক্রেতার অতীত ইতিহাস নিরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।অস্ত্রনিয়ন্ত্রণ আইন প্রস্তাব পেশ করার সময় ওবামা বলেন, ‘আগ্নেয়াস্ত্রের সহিংসতা কমানো এক কঠিন চ্যালেঞ্জ। ক্ষতি থেকে আমাদের শিশুদের রক্ষার ব্যাপারে কোনো ধরনের বিভেদ ঠিক হবে না।’গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাটের একটি স্কুলে গুলির ঘটনা ঘটে। এতে ওই স্কুলের ২০ ছাত্রসহ ২৭ জন নিহত হন। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ আইন পাসের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ওবামার এই অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাব তীব্র বিরোধিতার মুখোমুখি হবে। অস্ত্র ব্যবহারকারী বিপুলসংখ্যক ভোটারের কথা চিন্তা করে ডেমোক্র্যাট দলের সদস্যরাও এই প্রস্তাব সমর্থনের ব্যাপারে দ্বিধান্বিত।তা ছাড়া মার্কিন অস্ত্র বিক্রেতা গোষ্ঠীগুলো বেশ শক্তিশালী। তারা প্রায় দুই দশক ধরে কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ আইন প্রণয়নের পদক্ষেপ ঠেকিয়ে রেখেছে। এবারও তারা ওবামার অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাবের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রস্তাব ঠেকাতে অস্ত্র বিক্রেতা গোষ্ঠীগুলো প্রতিনিধি পরিষদের ওপর চাপ সৃষ্টি করছে।