যুক্তরাষ্ট্রে আইরিনের তাণ্ডবে নিহত ২১
ঘূর্ণিঝড় আইরিনের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। চার দিনের এ ঘূর্ণিঝড়ে আটটি অঙ্গরাজ্যে এ পর্যন্ত ২১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ছয়জন, ভার্জিনিয়ায় চারজন এবং পেনসিলভেনিয়ায় চারজনের প্রাণহানি ঘটেছে। নজিরবিহীন পূর্ব সতর্কতার কারণে প্রাণহানির ঘটনা কম ঘটেছে বলে মনে করা হচ্ছে।পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ও নিউজার্সিতে ঘূর্ণিঝড়-পরবর্তী প্লাবন অব্যাহত রয়েছে। প্রায় ৪০ লাখ লোক এখনো বিদ্যুত্হীন। নিউ জার্সির অধিকাংশ এলাকায় ঘরবাড়ির নিম্নাঞ্চলে পানি জমেছে। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় জমে থাকা পানি সরানো দুরূহ হয়ে পড়েছে। প্লাবনের কারণে প্রধান প্রধান সড়কপথ এখনো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইরিনের তাণ্ডব শেষ হয়ে গেছে—মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য সময় লাগবে। নর্থ ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উদ্ধার তত্পরতা শুরু হয়েছে। বিভিন্ন নগর কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে।নিউজার্সির প্রান্তিক নগর আটলান্টিক সিটি থেকে সরে আসা লোকজন গতকাল রোববার বিকেলেই ঘরে ফিরেছে। এর মধ্যে বাংলাদেশি আলতাফুর রহমান প্রথম আলোকে জানান, সরকারি সতর্কসংকেত পেয়েই গত শুক্রবার সপরিবারে তাঁরা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। দুদিনের উদ্বেগ-উত্কণ্ঠার পর গতকাল তাঁরা ফিরে এসেছেন। বাংলাদেশি অন্যান্য পরিবারও আটলান্টিক সিটিতে ফিরে এসেছে বলে জানান তিনি।ভার্জিনিয়া থেকে বাংলাদেশি রাহবিন চৌধুরী এ প্রতিবেদককে জানিয়েছেন, ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বাংলাদেশি লোকজন নিরাপদেই ছিল। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান।নিউইয়র্কের সব জনপরিবহন আজ সোমবার থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। জন এফ কেনেডি বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরও আজ থেকে খুলে দেওয়া হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো পুনরায় ফ্লাইট চালু করার প্রস্তুতি নিয়েছে।আইরিনের তাণ্ডবে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে এখন। বিভিন্ন বিমা কোম্পানি ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য মাঠে নেমেছে। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা কেন্দ্রীয় বরাদ্দ অবমুক্ত করেছেন। প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ কোটি ডলার হতে পারে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো মনে করছে।