যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে উ. কোরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার গ্যাঁড়াকলে একঘরে হয়ে থাকা উত্তর কোরিয়ার কাছে এমন রকেট আছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্রের সীমানা বাড়ানোর বিষয়ে একটি আন্তমহাদেশীয় চুক্তির দুই দিন পরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো। জাতীয় প্রতিরক্ষা কমিশনের ওই বিবৃতিতে দাবি করা হয়, এটা কোনো লুকোচুরির বিষয় নয়। উত্তর কোরিয়ার কাছে কৌশলগত এমন রকেট আছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য উত্তর কোরিয়া ছয় হাজার ৭০০ কিলোমিটার বা এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার এ ধরনের দুটি রকেটের কার্যকারিতা পরীক্ষা ব্যর্থ হয়েছে। উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন তাদের বিবৃতিতে বলেছে, যেকোনো মার্কিন সামরিক হুমকি মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে তারা। ১৯৫০-১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক অঘোষিত কৌশলগত যুদ্ধ চলছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাপূর্ণ সামরিক সম্পর্ক কোরিয়া উপদ্বীপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে ।