যুক্তরাষ্ট্রে আট সহকর্মীকে গুলি করে হত্যার পর কর্মীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের একটি বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মী গুলি করে কমপক্ষে আট জন সহকর্মীকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার কানেটিকাটের ম্যানচেস্টারে হার্টফোর্ড ডিস্ট্রিবিউটরস নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ম্যানচেস্টার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে প্রতিষ্ঠানের কর্মীদের পালা বদলের সময় এ ঘটনা ঘটে। ওই সময় সেখানে ৩৫-৪০ জন কর্মী ছিলেন। হত্যাকারী প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে কর্মীদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়। তারা গোটা প্রতিষ্ঠান ঘিরে ফেলে। পুলিশকে এগিয়ে আসতে দেখে ওই কর্মী বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগের শুনানির জন্য হত্যাকারীকে তলব করেছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা। স্থানীয় একটি পত্রিকায় হত্যাকারীর নাম বলা হয়েছে ওমর থর্নটন (৩৪)। তিনি ওই প্রতিষ্ঠানের গাড়ি চালক পদে কর্মরত ছিলেন। তিনি দুই বছর ধরে ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এএফপি।