যুক্তরাষ্ট্রে আবার তেলকূপে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার উপকূলসংলগ্ন মেক্সিকো উপসাগরে গতকাল শুক্রবার একটি তেল উত্পাদন মঞ্চের (অয়েল প্ল্যাটফর্ম) কূপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ ও ১১ জন আহত হয়েছেন। গতকাল বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের শরীর মারাত্মক পুড়ে গেছে। মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, আগুন নেভানো হয়েছে। এখন আর তেমন ঝুঁকি নেই।তেলকূপটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্ল্যাক এলক অ্যানার্জি জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে ২২ জন শ্রমিক ছিলেন। এ ঘটনায় ১১ জন আহত, দুজন নিখোঁজ ও নয়জনকে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের আগেই তেল উত্পাদন বন্ধ করায় মাত্র ২৮ গ্যালন তেল নির্গত হয়েছে। ২০১০ সালের এপ্রিলে মেক্সিকো উপসাগরে বিপির একটি তেলকূপ বিস্ফোরিত হলে ১১ জন কর্মী নিহত হন। তেলকূপটি ৮৭ দিনের বেশি সময় ধরে জ্বললে এতে অন্তত ৪৯ লাখ ব্যারেল তেল সমুদ্রের পানিতে মিশে যায়। দূষিত হয় টেক্সাস থেকে ফ্লোরিডা উপকূল। নিঃসৃত তেলে লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা ও ফ্লোরিডা রাজ্যের বিস্তীর্ণ উপকূলের সামুদ্রিক প্রাণিজগত্ মারাত্মক ক্ষতির শিকার হয়।ওই ঘটনায় ৪৫০ কোটি মার্কিন ডলার জরিমানা গুনতে হবে ব্রিটিশ পেট্রোলিয়ামকে (বিপি)। বিপি জরিমানা দিতে সম্মত হওয়ার এক দিন পরই মেক্সিকো উপকূলে আবারও তেলকূপ বিস্ফোরণের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর আগে এত বড় অঙ্কের জরিমানা করা হয়নি।