যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টিভি ভাষ্যকার কিথ ওলবারম্যানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীকে চাঁদা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হয়েছে। এমএসএনবিসি টেলিভিশনের প্রেসিডেন্ট ফিল গ্রাফিন গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান। এমএসএনবিসি টেলিভিশনের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অনির্দিষ্ট সময়ের জন্য কিথ ওলবারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রে বর্তমান সময়ের সবচেয়ে সরব উদারনৈতিক টিভি ভাষ্যকার হিসেবে কিথ ওলবারম্যান বিখ্যাত হয়ে উঠেছিলেন। উদারনৈতিক টিভি চ্যানেল হিসেবে পরিচিত এমএসএনবিসির প্রাইম টাইম সংবাদ ভাষ্যে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কিথ ওলবারম্যান মার্কিন উদারনৈতিক মহলের মুখপাত্র হয়ে উঠেছিলেন। জর্জ বুশের যুদ্ধনীতি ও রক্ষণশীল নানা কর্মসূচির বিরুদ্ধে তাঁর আক্রমণ ছিল অনেকটাই খোলামেলা। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার উদারনৈতিক কর্মসূচির একাট্টা সমর্থক হিসেবে তিনি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। মার্কিন রক্ষণশীলদের বিরুদ্ধে টেলিভিশন ভাষ্যে প্রতিনিয়তই তীব্র আক্রমণ চালাতেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের মুখপত্র হিসেবে পরিচিত ‘পলিটিকো’তে কিথ ওলবারম্যানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়। এতে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগ দিয়ে তিনি ডেমোক্র্যাট দলের এক প্রার্থীকে চাঁদা দিয়েছিলেন। ব্যাপারটি এমএসএনবিসির নীতিমালা বিরোধী হওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে টেলিভিশন কর্তৃপক্ষ। এরপর ওলবারম্যান নিজেই স্বীকার করেন ডেমোক্র্যাট দলের এক প্রার্থীকে তিনি নির্বাচনের জন্য দুই হাজার ৪০০ ডলার চাঁদা দিয়েছেন।এর আগে এমএসএনবিসির প্রতিদ্বন্দ্বী ফক্স নিউজকে রিপাবলিকানদের মুখপাত্র হিসেবে অভিহিত করে এই চ্যানেলটির তীব্র সমালোচনা করেছিলেন কিথ।কিথ ওলবারম্যানের সাময়িক বহিষ্কারাদেশের সংবাদে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। অনেকে এ উদারনৈতিক সংবাদ ভাষ্যকারের বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বেরনার্ড সেন্ডারস কিথ ওলবারম্যানের বহিষ্কারাদেশকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। মার্কিন সংবাদপত্রগুলোতে ইতিমধ্যেই সংবাদমাধ্যমের নিরপেক্ষতা, সাংবাদিকদের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস ও এর সঙ্গে পেশাগত সংঘাতের ব্যাপারগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছে।