যুক্তরাষ্ট্রে এইচআইভি-প্রতিরোধী ওষুধের অনুমোদন
এইচআইভি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রথমবারের মতো একটি ওষুধ অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রকেরা। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ওষুধটির নাম ট্রুভাডা। এইভিআইভি ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হওয়ার উচ্চমাত্রার ঝুঁকিতে থাকা ব্যক্তিরা দিনে একবার সেবন করবেন এই বড়ি। গবেষণার ফলাফলে দেখা গেছে, এই ওষুধ এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৭৩ শতাংশ কমাতে পারে।যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানায়, এই ভাইরাসের সংক্রমণের কারণে যারা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন এবং এইচআইভি ভাইরাসে আক্রান্ত সঙ্গীর সঙ্গে যাঁদের শারীরিক সম্পর্ক রয়েছে, তাঁরা এ ওষুধটি ব্যবহার করতে পারবেন।এইচআইভি নিয়ে কাজ করছেন—এমন কিছু স্বাস্থ্য ও সংগঠন কর্মী এই বড়িকে ভাইরাসটির প্রতিরোধে ‘সবুজ বাতি’ বলে মেনে নিতে নারাজ। তাঁদের আশঙ্কা, এ ধরনের ওষুধের প্রচলনের নিরাপত্তার বিষয়ে ভ্রান্ত ধারণার জন্ম দেবে।এফডিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, এইচআইভি প্রতিরোধে সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এ ওষুধটি ব্যবহার করা যেতে পারে। যেমন এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কনডম ব্যবহার করা হয় এবং নিয়মিত পরীক্ষা করা হয়।গত মে মাসে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি পরামর্শক দল এই বড়িটির অনুমোদন দেয়। ট্রুভাডার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হলো ক্যালিফোর্নিয়া ভিত্তিক গিলিড সায়েন্সেস। ২০১০ সাল থেকে পরিচালিত জরিপে দেখা যায়, ট্রুভাডা সুস্বাস্থ্যের অধিকারী সমকামীদের মধ্যে এইডসের ঝুঁকি কমিয়ে দেয়। আর বিপরীত লিঙ্গের মধ্যে যদি একজন এইডসে আক্রান্ত হয়, সে ক্ষেত্রে এ ওষুধ ব্যবহারের ফলে ঝুঁকি ৪৪ শতাংশ থেকে ৭৩ শতাংশের মধ্যে কমে যাবে।