যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ মানুষ ঘুমের ভেতর হাঁটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রতি তিনজনে একজন ঘুমের মধ্যে হাঁটে। এক সমীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়ার দাবি করেছেন একদল মার্কিন গবেষক। সম্প্রতি এই গবেষণা-বিষয়ক নিবন্ধ চিকিত্সাবিজ্ঞান-বিষয়ক সাময়িকী নিউরোলজিতে প্রকাশ করা হয়। রয়টার্স সূত্রে এ কথা জানা যায়।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড স্লিপ এপিডেমিওলজি রিসার্চ সেন্টারের পরিচালক মরিস ওহাইওন ও তাঁর সহযোগীরা এই সমীক্ষা পরিচালনা করেন। এতে প্রতি তিনজনে একজন ঘুমের মধ্যে হাঁটে বলে তথ্য পাওয়ার কথা দাবি করেন তাঁরা। গবেষকদের ভাষ্যমতে, অনিদ্রা, প্রচণ্ড মানসিক চাপ ও ভাবালুতায় ভোগা ঘুমের মধ্যে হাঁটার প্রবণতা বাড়ার পেছনে কাজ করতে পারে।সমীক্ষায় যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে প্রায় ১৬ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ঘুম-বিষয়ক বিভিন্ন তথ্য নেওয়া হয়। তাদের জীবনযাপন, ঘুমের অভ্যাস, শারীরিক ও মানসিক অবস্থা—এমনকি ঘুমে হাঁটার মতো যেকোনো ধরনের অস্বাভাবিক আচরণ নিয়ে প্রশ্ন করা হয়। এতে দেখা যায়, সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ২৯ শতাংশ ব্যক্তিজীবনে অন্তত একবার ঘুমের মধ্যে হেঁটেছে। প্রায় তিন শতাংশ ব্যক্তি বছরে বা মাসে একবার এটি করেছে। এক শতাংশ ব্যক্তি জানায়, তারা মাসে অন্তত দুবার ঘুমের মধ্যে হেঁটেছে। ঘুমের মধ্যে হাঁটে এমন অস্বাভাবিক আচরণে অভ্যস্ত মানুষদের প্রায় এক-তৃতীয়াংশ বলেছে যে তাদের পরিবারে ঘুমের মধ্যে হাঁটার ইতিহাস রয়েছে।গবেষণায় আরও দেখা গেছে, যারা অনিদ্রায় ভোগে, অতিরিক্ত মদ্যপান করে, ঘুমের বড়ি খায়, তারা ছাড়াও অনেকে ঘুমের মধ্যে হাঁটে। সাধারণত মানসিক বিষণ্নতা লাঘবের জন্য সেবন করা ওষুধ ঘুমের মধ্যে হাঁটা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি বড় ঝুঁকি। গবেষকেরা বলেন, এ ক্ষেত্রে রোগীরা আসলে কোন অবস্থায় ওষুধটা সেবন করছে, সেটা গুরুত্বপূর্ণ। উইসকনসিনের মায়ো ক্লিনিক হেলথ সিস্টেমের স্নায়ু-বিশেষজ্ঞ ও ঘুম-বিষয়ক চিকিত্সা বিশেষজ্ঞ ড. টিমোথি ইয়ং এই সমীক্ষার ফলাফলে খুব বেশি অবাক নন বলে জানিয়েছেন। তিনি বলেন, শৈশবে শিশুদের জন্য ঘুমের মধ্যে হাঁটার বিষয়টি বেশ স্বাভাবিক বলে ভাবা হতো, যা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে।