যুক্তরাষ্ট্রে কাতারের কূটনীতিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়েছে কাতার দূতাবাসের এক কর্মকর্তাকে। এ কর্মকর্তা তাঁর জুতাতে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন। ওয়াশিংটনে অবস্থিত কাতার দূতাবাসের এ কর্মকর্তার নাম মোহাম্মদ আলী মওদুদী। বিষয়টি নাশকতামূলক ও কোনো জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না তা বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় ইউনাইটেড এয়ারলাইনসের একটি বোয়িং ৭৫৭ বিমান ডেনভারের উদ্দেশে ওয়াশিংটন ছেড়ে যায়। উড়ন্ত অবস্থায় বিমানটির শৌচাগারে কোনো কিছু পোড়ার গন্ধ পান বিমানের ক্রু। এ সময় কাতারের কূটনীতিক মোহাম্মদ আলী ওই শৌচাগারে ছিলেন। পোড়া গন্ধে বিমানযাত্রীরা আতঙ্কিত হয়ে উঠলে মওদুদী তাদের বলেন, তাঁর জুতায় আগুন লেগেছে। এ সময় ওই বিমানের যাত্রী এক এয়ারমার্শাল মওদুদীকে জাপটে ধরেন, খবর পাঠানো হয় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে। সঙ্গে সঙ্গে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ জঙ্গি বিমান আকাশে উড্ডীন হয়। এফ-১৬ জঙ্গি বিমানের সতর্ক প্রহরায় বোয়িং ৭৫৭ বিমানটি ডেনভার বিমানবন্দরে অবতরণ করে।ডেনভারে অবতরণের পরপরই মওদুদীর পরিচয় সম্পর্কে নিশ্চিত করা হয়। তিনি ওয়াশিংটনে কাতার দূতাবাসের একজন তৃতীয় স্তরের কর্মকর্তা এবং অনেক দিন ধরে ওয়াশিংটনে কাজ করছেন। তিনি জুতার মধ্যে কোনো বিস্ফোরক বহন করছিলেন কি না এবং বিমানে থাকা অবস্থায় তাতে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন কি না, তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দারা। তবে তাঁর জুতায় বিস্ফোরক ছিল কি না তা এফবিআইর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। মওদুদী একজন কূটনীতিক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তাঁরা বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। তবে একজন কূটনৈতিক কর্মকর্তার বিমানে এমন আচরণ কোনো নাশকতামূলক ঘটনা ঘটানোর প্রয়াস কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউস তদন্তটির সমন্বয় করছে। বুধবার রাতে হোয়াইট হাউস থেকে এক সতর্ক প্রতিক্রিয়ায় বলা হয়, পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।এদিকে যুক্তরাষ্ট্রের সময় বুধবার মধ্যরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আটক কাতারের নাগরিক মওদুদীর কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যেহেতু যাত্রীবাহী বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, নির্বোধের মতো তিনি বিমানের শৌচাগারে গিয়ে লুকিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করছিলেন। ধরা পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়েই হয়তো তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তদন্তের জন্য কাতারের এই কূটনীতিককে অনির্দিষ্টকাল আটক থাকতে হবে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।