যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত চারটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ওপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোতে গত শনিবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওয়াশিংটন, মেরিল্যান্ড, ওহাইও ও ভার্জিনিয়ায় অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। গতকাল রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রচণ্ড এই ঝড়ে অন্তত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ৩০ লাখের বেশি মানুষের বাড়িতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিয়েছে, কোনো কোনো এলাকা এক সপ্তাহ পর্যন্ত বিদ্যুত্হীন থাকতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এদিকে গত শুক্র ও শনিবারে দেশটির ১০টি অঙ্গরাজ্যের প্রায় দুই ডজনেরও বেশি শহরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল রোববারও উচ্চ তাপমাত্রা ছিল। টেনেসির ন্যাশভিল শহরে গতকাল তাপমাত্রা ছিল ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেন্টিগ্রেড)। যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৫৪ সালে ওই অঞ্চলে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড (১০১ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। ঝড়ের তীব্রতা সম্পর্কে ভার্জিনিয়ার গভর্নর বব ম্যাকডানেল বলেন, এটি খুব ভয়াবহ পরিস্থিতি। মেরিল্যান্ডের গভর্নর মার্টিন ও’ম্যালি বলেন, হারিকেনের চেয়েও ভয়ংকর ছিল এ ঝড়। কারণ, হারিকেনের বেলায় আগে থেকে সতর্কবার্তা পাওয়া যায়।