যুক্তরাষ্ট্রে কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ২৫
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গতকাল সোমবার বিকেলে এক কয়লাখনিতে বিস্ফোরণ ঘটলে ২৫ জন নিহত হয়েছেন।পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের হোয়াইটস ভিল শহরের ৩০ মাইল দক্ষিণে এই বিস্ফোরণ ঘটে। কয়লাখনির জন্য বিখ্যাত এই অঞ্চলে অতীতেও এমন দুর্ঘটনা ঘটেছে। সাধারণত ভূগর্ভস্থ খনিতে মিথেন গ্যাসের চাপের কারণে এ ধরনের বিস্ফোরণ ঘটে বলে বিশ্লেষকেরা জানান।কয়লাখনির মালিক যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ম্যাসি এনার্জি পারফের্মে কোল কোম্পানির প্রধান নির্বাহী ডন ব্লাংকেন শিপ বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে একযোগে কাজ করছেন। হেলিকপ্টার দিয়ে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।দুর্ঘটনার পরপরই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়। প্রেসিডেন্ট ওবামা নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে কয়লাখনিতে দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি ঘটে। এর আগে ২০০৬ সালে একই ধরনের বিস্ফোরণে পশ্চিম ভার্জিনিয়ায় ১২ জনের মৃত্যু হয়।