যুক্তরাষ্ট্রে খুনের দায়ে বাংলাদেশি যুবকের ২০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের দায়ে যুক্তরাষ্ট্রে সাঈদ রহমান (২৬) নামের এক বাংলাদেশির ২০ বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারক রেনে হোয়াইট চাঞ্চল্যকর রিভেরা হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন। আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত সাঈদ হত্যাকাণ্ডের ঘটানোর জন্য অনুতপ্ত বলে বিবৃতি প্রদান করেন।২০০৮ সালের আগস্টে নিউইয়র্ক নগরের টাইম স্কয়ার এলাকায় চাঞ্চল্যকর রিভেরা হত্যাকাণ্ড সংঘটিত হয়। নাইট ক্লাবে একটি পার্টিতে অংশ নিতে আসা ইনগেরিভ রিভেরা (২৪) নামের এক তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ তল্লাশির পর নাইট ক্লাবের ছাদ থেকে রিভেরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই নাইট ক্লাবে কর্মরত বাংলাদেশি যুবক সাঈদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাঈদ রিভেরাকে হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে সাঈদ জানান, মাতাল অবস্থায় রিভেরাকে ছাদে নিয়ে গিয়ে অশালীন প্রস্তাব দেওয়ার পর তাতে রাজি না হওয়ায় তিনি রিভেরাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করেন। হত্যার সময় তিনি লোহার ভারী পাইপ ব্যবহার করেন। রিভেরাকে হত্যার পর তিনি লাশ বহুতল ভবনের ছাদে লুকিয়ে রেখে যথারীতি নাইট ক্লাবে কাজে ফিরে আসেন।আইনজীবীদের পরামর্শে সাঈদ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় তিনি চূড়ান্ত দণ্ড থেকে বেঁচে গেছে বলে আদালত সূত্র জানিয়েছেন। তবে তাঁকে আগামী ২০ বছর প্যারোলহীন অবস্থায় কারাগারে কাটাতে হবে।এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় ঘোষণা করতে গিয়ে বিচারক হোয়াইট বলেন, বাংলাদেশি অভিবাসী সাঈদ রহমানের ব্যক্তিগত জীবনযাপন ছিল সমস্যা-সংকুল। তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করতেন। হত্যাকাণ্ডের সময় তিনি নেশাগ্রস্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রিভেরার মা ও অন্য আত্মীয়স্বজন। তাঁরা এ সময় সাঈদের চূড়ান্ত দণ্ডের প্রত্যাশায় প্লাকার্ড বহন করছিলেন। রিভেরার মা ইংগরিড এস্ট্রাডা রায় ঘোষণার পর বলেন, ‘বিচারককে ধন্যবাদ, সাঈদের মতো খুনির বাকিটা জীবন কারাগারেই কাটা উচিত। এর ফলে অন্তত অন্যরা তাঁর হাত থেকে নিরাপদ থাকতে পারবে।’ তিনি সজল চোখে বলেন, রিভেরাকে হারিয়ে তাঁর দৈনন্দিন জীবন একেবারেই পাল্টে গেছে। তিনি নির্ঘুম রাত কাটাচ্ছেন গত দুটি বছর ধরে। রিভেরার একমাত্র প্রতিবন্ধী ভাই জাসুয়া প্রতিদিন রিভেরার খোঁজ করেন। এ রায়ের প্রতিক্রিয়ায় রিভেরার অন্য আত্মীয়স্বজনও সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা বলেন, আজ থেকে ২০ বছর পর সাঈদের কারামুক্তির দিনও তাঁরা উপস্থিত থেকে এই খুনিকে ধিক্কার দেবেন। এদিকে রায় ঘোষণার আগে সাঈদ একটি লিখিত বিবৃতি পাঠ করেন। সেখানে রিভেরাকে হত্যার জন্য তিনি অনুতপ্ত বলে জানান। সাঈদ রিভেরার পরিবারের সদস্যদের উদ্দেশ করে বলেন, ‘আমি জানি এ অপরাধ ক্ষমার অযোগ্য, তবুও আমি আপনাদের জানাতে চাই যে আমি এ ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত।’ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে বাংলাদেশি যুবক দণ্ডিত হওয়ায় ক্ষুব্ধ ও বিব্রত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। তারা বলেছে, তাদের সব পরিশ্রম, অর্জন মাঝেমধ্যে ম্লান হয়ে যায় সাঈদের মতো কিছু অভিবাসীর জন্য। এভাবে তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নাম বিদেশে উচ্চারিত হোক তা কখনই চায় না তারা।