যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহালের শুনানি ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়ে আগামী ডিসেম্বরে ওয়াশিংটনে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে জিএসপি ফিরে পাওয়ার লক্ষ্যে শ্রমমান সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের নেওয়া পদক্ষেপ মূল্যায়ন করা হবে।গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার ও বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।তিন সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়েছে। আর এই আলোচনার মূল প্রতিপাদ্য ছিল যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে ওয়াশিংটনের দেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের নেওয়া পদক্ষেপের অগ্রগতি ও পরবর্তী করণীয়।শহীদুল হক বলেন, বৈঠকে জিএসপি পুনর্বহালের লক্ষ্যে বাংলাদেশ এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আরও কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়েও কথা হয়েছে।বাংলাদেশের জিএসপি পুনর্বহালের সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ডিসেম্বরে অনুষ্ঠেয় শুনানির আগে পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক মনে হলে যুক্তরাষ্ট্র এ সুবিধা ফিরিয়ে দিতে পারে। আর তারা যদি পদক্ষেপ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হয়, ছয় মাস পর অর্থাৎ আগামী বছরের জুনে আবার শুনানি অনুষ্ঠিত হবে। বৈঠকের পর মজীনা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জিএসপি পুনর্বহালে যুক্তরাষ্ট্রের দেওয়া কর্মপরিকল্পনা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ৮ জুলাই সম্পাদিত সমঝোতা ‘কমপ্যাক্টে’ নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। শ্রমমানের উন্নতিতে এ দুটি মৌলিক দলিলের বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ড্যান মজীনা জানান, ১৯ জুলাই মার্কিন বাণিজ্য, শ্রম ও পররাষ্ট্র দপ্তরের দেওয়া যৌথ বিবৃতির মাধ্যমে কমপ্যাক্টের সঙ্গে যুক্ত হয়েছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আলোচনায় ৮ ও ১৯ জুলাইয়ের দুটি দলিলের প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মজীনা বলেন, ‘আজকের এ বৈঠকটি আমার জন্য যথেষ্ট সময়োপযোগী। কারণ, বাংলাদেশের জিএসপি নিয়ে আলোচনার জন্য আমি আগামী শনিবার ওয়াশিংটনে যাচ্ছি।’ সংশোধিত শ্রমমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সংশোধিত আইনটি পড়ে দেখার আগে এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এখন পর্যন্ত আইনটির আনুষ্ঠানিক অনুবাদ হয়নি। অনুবাদের কপি পাওয়ার পর আমি সেটি পড়ে দেখব। এরপর মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।’মজীনা বলেন, ‘আমি এ বিষয়ে অত্যন্ত আশাবাদী যে, সংশোধিত শ্রম আইন বাংলাদেশে বেটার ওয়ার্ক প্রোগ্রাম (উন্নততর কর্মসংস্থান কর্মসূচি) চালুর ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শর্ত পূরণে সক্ষম হবে।’প্রসঙ্গত, কর্মপরিবেশের উন্নতি ও শ্রম অধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৭ জুন এক আদেশে বাংলাদেশের জিএসপি-সুবিধা স্থগিত করেন।