যুক্তরাষ্ট্রে জিতল অ্যাপল
যুক্তরাষ্ট্রে পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মামলার রায় শোনার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। মামলায় জিতেছে অ্যাপল। রায় অনুযায়ী, পেটেন্ট আইন লঙ্ঘন করায় অ্যাপলকে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে স্যামসাং। খবর রয়টার্সের।গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে এ মামলার নিষ্পত্তি হয়। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে বিভিন্ন দেশে চলা মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এটা অ্যাপলের বড় বিজয়। প্রযুক্তি বিশ্লেষকদের অভিমত, এ রায় কেবল দুটি প্রতিষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ণ নয়; বরং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিপণ্যের মেধাস্বত্ব লঙ্ঘিত হলে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদাহরণও সৃষ্টি করবে।আদালতের রায়ে বলা হয়, স্যামসাং অ্যাপলের জনপ্রিয় আইফোন ও আইপ্যাডের কিছু ফিচার তাদের পণ্যে ব্যবহার করায় পেটেন্ট আইন লঙ্ঘিত হয়েছে। স্যামসাং অবশ্য এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করলেও আদালত তা গ্রহণ করেননি। অ্যাপল স্যামসাংয়ের কাছে ২৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করলে আদালত তা কমিয়ে ১০৫ কোটি ডলার ধার্য করেন।এ মুহূর্তে প্রযুক্তি বাজারে অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। সারা বিশ্বে দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক পেটেন্ট ভঙ্গের জন্য ১০টির বেশি দেশে মামলা চলছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের আদালতে মামলার রায়ের দিনে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসাংয়ের পক্ষে রায় দিয়ে বলেছেন, কোরিয়ান প্রতিষ্ঠানটি মাত্র একটি পেটেন্ট বা মেধাস্বত্ব আইন লঙ্ঘন করেছে, যেখানে অ্যাপল লঙ্ঘন করেছে দুটি। তবে একই দিন বিপরীত রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালত।আদালতের আদেশে অ্যাপল কর্তৃপক্ষ খুশি। এ প্রসঙ্গে স্যামসাং বলেছে, এটা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের পছন্দ সীমাবদ্ধ করে ফেলবে।