যুক্তরাষ্ট্রে টর্নেডোয় সাতজন নিহত
টর্নেডো ও বজ্রপাতে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অন্তত সাতজন নিহত হয়। এ দুর্যোগ চলাকালে মিশিগানের একটি পরমাণু জ্বালানি কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, টর্নেডোতে নিহত সাতজনই ছিলেন ওহাইওর উত্তর-পশ্চিমাঞ্চলের লেক টাউনশিপের বাসিন্দা। ঝড়ে লেক টাউনশিপের কয়েক ডজন বসতবাড়ি বিধ্বস্ত এবং স্থানীয় পুলিশ সদর দপ্তর ও একটি উচ্চবিদ্যালয় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ের কারণে দক্ষিণ-পূর্ব মিশিগানের এরি হ্রদের পারে অবস্থিত ফার্মি ২ পরমাণু জ্বালানি উত্পাদন কেন্দ্রের একটি প্রধান অংশে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেলে কেন্দ্রটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ অটুট আছে বলে জানিয়েছেন মনরো কাউন্টির মুখপাত্র ড্যান স্মিথ।ওহাইও ও মিশিগান ছাড়াও, টর্নেডো মধ্য ইলিনয়েসের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে।