যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ১৬ জনের মৃত্যু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল বৃহস্পতিবার বয়ে যাওয়া শীতকালীন তুষার ঝড়ে ১৬ জন মারা গেছে। তারা নিউ ইংল্যান্ড অঞ্চলের বাসিন্দা। ঝড়ের কারণে গতকাল দেশটিতে আট শতাধিক ফ্লাইট বাতিল করা হয়। ঘূর্ণিঝড়ের কারণে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে দেশটির বিভিন্ন সড়কে যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ঝড়ে উপড়ে যাওয়া গাছের চাপায় টেক্সাস ও লুইজিয়ানায় দুইজন মারা গেছে। নিউইয়র্কে বরফ-ঢাকা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি গাড়ি এক পথচারীকে চাপা দিলে তার মৃত্যু হয়। ওহাইওতে এক কিশোর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা যায়।দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শীতকালীন এ ঘূর্ণিঝড়টি মধ্যাঞ্চলের দিকে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির কারণে গতকাল বিকেলে নিউ ইংল্যান্ডে ভারী তুষারপাত হয়। এতে ওই অঞ্চলে অধিকাংশ এলাকা এক ফুটেরও বেশি পুরু বরফের স্তরের নিচে চাপা পড়ে। এছাড়া গতকাল ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভানিয়াসহ বেশ কয়েকটি এলাকায় ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের স্তর জমতে দেখা গেছে। বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর তুষার জমে থাকায় আরকানসাস ও আলাবামার কয়েক হাজার মানুষ বিদ্যুত্ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও শীতকালীন ঘূর্ণিঝড়ে গতকাল পার্শ্ববর্তী দেশ কানাডার পূর্বাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। তুষার ঝড়টি ক্রমশ কানাডার দক্ষিণাঞ্চলীয় কুইবেক প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে জানিয়ে গাড়িচালকদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে কুইবেক ১৭ ইঞ্চি পুরু হয়ে তুষার জমতে পারে বলে আভাস দিয়েছে তারা। গতকাল কানাডার টরোন্টো ও মন্ট্রিলেও বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়।