যুক্তরাষ্ট্রে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, নিহত ৯
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তুষারঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। রাস্তা পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে এ পর্যন্ত নয় ব্যক্তি মারা গেছেন। বিদ্যুত্ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সাত লাখ মানুষ। বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রেট লেক থেকে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত এলাকায় তিন ফুটের মতো তুষারের স্তর জমেছে। গতকাল দুপুরের পর তুষারঝড়টি উত্তর দিক থেকে সরে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে চলেছে। এ কারণে উত্তরাঞ্চলীয় কানেটিকাট ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সড়ক চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে গত দুই দিনের তুষারপাতে ঢেকে গেছে কানেটিকাট, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাড়িঘর, রাস্তাঘাট। এর মধ্যে কানেটিকাটের হেমডেন এলাকায় সর্বোচ্চ সাড়ে তিন ফুটের মতো তুষার জমেছে।গতকালও দুই হাজার ২০০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববারও শতাধিক ফ্লাইট বাতিল হতে পারে বলে জানিয়েছে প্রধান বিমানবন্দরগুলোর কর্তৃপক্ষ।