যুক্তরাষ্ট্রে দুই দশকে দ্বিগুণ হবে মুসলিম জনসংখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী দুই দশকে মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হবে। ওয়াশিংটনভিত্তিক দ্য পিউ ফোরাম অন রিলিজন অ্যান্ড পাবলিক লাইফ নামের একটি সংগঠন তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, তাদের হিসাব অনুযায়ী ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা এখনকার চেয়ে দ্বিগুণ হবে। ২০১০ সালে ওই দেশে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৮ শতাংশ। ২০৩০ সালে তা ১ দশমিক ৭ শতাংশে পৌঁছাবে। এতে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ওই দেশে অবস্থানরত ইহুদি ও প্রোটেস্ট্যান্টদের সমান হবে।এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর মুসলিম-অধ্যুষিত স্থানে পরিণত হয়েছে। হিউস্টনের ইসলামিক দাওয়া সেন্টারের নির্বাহী পরিচালক আমির আবু হালিমেহ বলেন, ‘আমি দেখছি, এখানে মুসলিমদের সংখ্যা বাড়ছে, নাটকীয়ভাবে বাড়ছে। আমরা ব্যাপক উন্নতি করছি।’সংগঠনটি জানায়, অভিবাসনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে একমাত্র উত্তর আমেরিকায় মুসলিমদের সংখ্যা বাড়ছে।