যুক্তরাষ্ট্রে নাফিসের দণ্ড মওকুফের সুযোগ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডিত বাংলাদেশি যুবক কাজী রেজওয়ানুল আহসান নাফিসের দণ্ড মওকুফের সুযোগ রয়েছে। গত শুক্রবার ব্রুকলিনের ফেডারেল আদালত নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনায় নাফিসকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরীর মতে, নাফিসের সামনে এখন তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, নাফিস যদি মনে করেন দণ্ড প্রদানের সময় ফেডারেল গাইডলাইন যথাযথ অনুসরণ করা হয়নি, সে ক্ষেত্রে তিনি দণ্ড হ্রাসের জন্য উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, নাফিসের ব্যাপারে অনুকম্পা প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপে যেতে পারে। তৃতীয়ত, ইতিবাচক আচরণের কারণে চূড়ান্ত পর্যায়ে নাফিসের কারাবাসের সময় ১০ থেকে ১৫ শতাংশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলো কে বলেন, নাফিস মনে করলে ৩০ দিনের মধ্যে দণ্ড হ্রাসের জন্য আপিল করতে পারবেন।২২ বছর বয়সী নাফিস নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমায় উড়িয়ে দিতে মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে তাঁর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেন। গোয়েন্দাদের সরবরাহ করা এক হাজার পাউন্ড নকল বিস্ফোরক একটি গাড়িতে ভরে গত বছরের ১৭ অক্টোবর ওই ব্যাংক ভবনের সামনে পৌঁছান তিনি। এরপর মুঠোফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। তখন গোয়েন্দারা তাঁকে আটক করেন।নাফিস দোষ স্বীকার করে দেশটির বিচার বিভাগের কাছে একটি চিঠি দিয়েছেন। বিচারক বরাবর দেওয়া পত্রে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। দণ্ড ঘোষণার সময়ও নাফিস নিজেকে লজ্জিত উল্লেখ করে নিউইয়র্কবাসী, তাঁর মা-বাবা এবং পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।শুক্রবার ব্রুকলিনে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ক্যারোল অ্যামোন রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী লরেত্তা লিন্চ বলেন, ‘তাঁকে (নাফিস) ৩০ বছর কারাগারেই কাটাতে হবে।’ তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেন নাফিসের আইনজীবী হেইডি সিজার। তিনি সাংবাদিকদের বলেন, ‘তাঁর (নাফিস) বয়স এবং নিজেকে শুধরে নেওয়ার আকুতির পরিপ্রেক্ষিতে আমরা আশা করেছিলাম সাজা লঘু করা হবে।’কারাদণ্ডের খবর জানার পর ঢাকায় নাফিসের দুলাভাই তৌফিক আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, তাঁরা ভেবেছিলেন, নাফিস যেহেতু দোষ স্বীকার করেছেন, তাই আদালত তাঁর সাজা কমিয়ে দেবেন। ৩০ বছরের কারাদণ্ডের খবর শোনার পর তাঁর মা-বাবা ভেঙে পড়েছেন।তবে গতকাল রোববার ঢাকার উত্তর যাত্রাবাড়ীতে নাফিসদের বাসায় গিয়ে তাঁর বাবা-মা বা অন্য কোনো আত্মীয়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিকেল চারটার দিকে প্রায় আধা ঘণ্টা ধরে বেশ কয়েকবার বাড়ির দরজার ঘণ্টা বাজালেও কেউ দরজা খোলেননি। তবে বাড়িতে মানুষ ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ওই বাড়ির কারও মানসিক অবস্থা ভালো নেই। তাঁরা গণমাধ্যমকে এড়িয়ে থাকতে চাইছেন।বিচারকদের প্রতি নাফিসের চিঠি: গত ৩১ জুলাই ব্রুকলিন ফেডারেল আদালতের বিচারক ক্যারল বাগলি অ্যামোন বরাবর একটি চিঠি লেখেন নাফিস। এতে তিনি দোষ স্বীকারের পাশাপাশি নিজের বেড়ে ওঠা, জীবনের প্রতি হতাশা, যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এবং প্রেমিকার কাছ থেকে প্রতারণার শিকার হয়ে নিজেকে শেষ করে দিতে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বর্ণনা দেন। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে বিচারকের কাছে অনুকম্পা প্রার্থনা করেন।চিঠিতে নাফিস বলেন, ‘প্রেমিকার প্রতারণায় আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ইসলাম ধর্মে নিষিদ্ধ থাকার কারণে আত্মহত্যা করতে পারিনি। সুস্থ চিন্তার ক্ষমতা হারিয়ে আমি পাগল হয়ে পড়ি। একপর্যায়ে জিহাদের মাধ্যমে নিজেকে বলি দেওয়ার বিষয়টি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল।’ দীর্ঘ পাঁচ পৃষ্ঠার চিঠিতে তিনি আরও বলেন, কারাগারে থাকা অবস্থায় তিনি ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন। ইসলামের কোথাও তিনি জঙ্গিবাদের সমর্থন খুঁজে পাননি।বিচারকের উদ্দেশে নাফিস বলেন, ‘মাননীয় বিচারক, আমি গুরুতর ভুল করেছি। আমাকে করুণা করুন। আমাকে শাস্তি দেওয়ার আগে আমার জীবনের পরিস্থিতিটা বিবেচনা করুন। গুরুতর অপরাধের জন্য আমাকে ক্ষমা করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ক্ষমা চাইছি।’