যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় স্থানে
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়া ও মেক্সিকোকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। ২০১০ সালের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ পঞ্চম স্থানে ছিল। বাংলাদেশের অবস্থান ছিল চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর পেছনে। কিন্তু মাসভিত্তিক রপ্তানির হিসাবে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ মেক্সিকোকে পেছনে ফেলে দেয়। ওই মাসে বাংলাদেশ ৩৫৮ মিলিয়ন মার্কিন ডলার ও মেক্সিকো ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে।এরপর অক্টোবর মাসে বাংলাদেশ অপর প্রতিদ্বন্দ্বী দেশ ইন্দোনেশিয়ার রপ্তানিমূল্যকে ছাড়িয়ে যায়। সে সময়ে বাংলাদেশের ৩৭৪ মিলিয়ন ডলারের রপ্তানির বিপরীতে ইন্দোনেশিয়ার রপ্তানি ছিল ৩৬৫ মিলিয়ন ডলার।বর্তমানে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে শুধু চীন ও ভিয়েতনাম অগ্রবর্তী অবস্থানে রয়েছে।ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক উইংয়ের পর্যালোচনা মোতাবেক ২০১০ সালের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যা বিগত ২০০৯ সালের একই সময়ের রপ্তানির তুলনায় ২০ দশমিক ৩৭ শতাংশ বেশি। উল্লেখ্য, একই সময়ে চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ১৫ শতাংশ, ভিয়েতনামের ১৭ দশমিক ২৬ শতাংশ, ইন্দোনেশিয়ার ১৬ দশমিক ১৭ শতাংশ, মেক্সিকোর সাড়ে ৩ শতাংশ এবং ভারতের ১৩ দশমিক ২৫ শতাংশ।প্রবৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে আশা করা যায়, ভবিষ্যতে বাংলাদেশ ভিয়েতনামকে ছাড়িয়ে যাবে। তবে সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে এবং তৈরি পোশাকশিল্পে শ্রমিক-সংক্রান্ত সমস্যা দূর করতে হবে। তথ্য বিবরণী।