যুক্তরাষ্ট্রে পোশাকের করমুক্ত সুবিধার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের করমুক্ত বিপণন-সুবিধা প্রদানের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম আইনপ্রণেতাদের এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে প্রস্তাবিত তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ’ সুবিধা শীর্ষক এক সভায় তিনি এ আহ্বান জানান।জাতিসংঘের ৬৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী হাসিনা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। এশিয়া সোসাইটির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স ও এশিয়া সোসাইটি।শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। প্রতিবেশী দেশগুলোর জন্য আমাদের সড়ক-মহাসড়ক খুলে দেওয়া হলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্যের প্রাণকেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ।’ তিনি সরকারের পক্ষ থেকে বৈদেশিক বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের ঘোষণাও দেন।জাতিসংঘ সদর দপ্তরে পৃথক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব নারী ও শিশুর কল্যাণে অভিন্ন প্রতিশ্রুতি দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। ‘এভরি উইম্যান-এভরি চাইল্ড’ শীর্ষক উচ্চপর্যায়ের এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলেনবার্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারী ও শিশুর কল্যাণের ওপর নির্ভর করছে সারা বিশ্বের ভবিষ্যত্। বিশ্বনেতাদের যৌথ অঙ্গীকারের মাধ্যমে নারী ও শিশুদের জীবন পরিবর্তনে কল্যাণকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হলেও নারী ও শিশুদের কল্যাণে গৃহীত পদক্ষেপের সাফল্যের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই জাতীয় নারীনীতি, শিশুনীতি ও শিক্ষানীতি প্রণয়ন করেছি। স্বাস্থ্যনীতিও প্রণয়নের প্রস্তুতি চলছে। বাংলাদেশের সীমিত সম্পদ ও জলবায়ু ঝুঁকিতে থাকার কারণে নারী ও শিশুদের কল্যাণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিশ্বসম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান।অন্য এক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে প্রস্তাবিত তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের ব্যাপারে তিনি আশাবাদী।‘দ্য হিন্দু’ জানিয়েছে, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক ঢাকা সফরকে ‘প্রকৃতই সফল’ বলে মনে করছেন।মনমোহনের বাংলাদেশ সফরে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও প্রোটোকল স্বাক্ষরিত হলেও বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমি খুব একটা হতাশ নই। কারণ, আমি মনে করি, আমরা দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যাটির সমাধান করতে পারব এবং আমি এ ব্যাপারে খুবই আশাবাদী।’অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এ কে আজাদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট বিশাখা দেশাই, মার্কিন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট টামি ওভারবি এবং বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনায় যোগদান শেষে ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করার কথা।