যুক্তরাষ্ট্রে প্রবল তুষারপাতে নিহত ১, পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
প্রবল তুষারপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসময় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৬ লাখ মানুষ বিদ্যুতহীন অবস্থায় আছেন।গতকাল শুক্রবার সকাল থেকে এসব এলাকায় প্রবল তুষারঝড় শুরু হয়। এই তুষারপাত কোনো কোনো এলাকায় অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পাঁচটি অঙ্গরাজ্য হচ্ছে—ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কানেটিকাট, নিউইয়র্ক ও মেইন। এসব এলাকার সড়কগুলো এরই মধ্যে পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে। সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়ায় বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। নিউইয়র্কসহ আশপাশের প্রধান বিমানবন্দরগুলোতে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কোনো কোনো এলাকায় তিন ফুট পর্যন্ত তুষার জমতে পারে।পাঁচটি অঙ্গরাজ্যের মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। শুক্রবার বিকেল থেকেই নিউইয়র্ক থেকে বোস্টন পর্যন্ত অবিরাম তুষারপাত হয়। কিউমবারল্যান্ড শহরের কাছে ১৯টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিউ ইংল্যান্ডে তুষারপাত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে এখানে প্রায় আড়াই ফুট পর্যন্ত তুষার জমেছিল। নিউইয়র্ক ও নিউজার্সির সাগর উপকূলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বোস্টন এলাকা তিন ফুট পুরু বরফের স্তরে ঢাকা পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। আগামী ১২ ঘণ্টায় তুষারপাত আরও বাড়তে পারে বলে স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে। পার্শ্ববর্তী দেশ কানাডায়ও তুষারঝড়ের খবর পাওয়া গেছে। দেশের দক্ষিণাঞ্চলীয় অন্টারিও প্রদেশে দুই ফুটের বেশি বরফ জমেছে। সেখানে কমপক্ষে ২০০টি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এসব দুর্ঘটনায় তিনজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।