যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র ঝড়ে নিহত
যুক্তরাষ্ট্রের মিশিগান লেক ভ্রমণের সময় ঝড় ও জলোচ্ছ্বাসে ৬ সেপ্টেম্বর বাংলাদেশি ছাত্র ও কম্পিউটার ইঞ্জিনিয়ার অনুপম ভট্টাচার্য নিখোঁজ হন। পুলিশ ও উদ্ধারকর্মীরা ৯ সেপ্টেম্বর তাঁর মৃতদেহ উদ্ধার করেন। নিহত অনুপমের বাড়ি চট্টগ্রামের ফতেয়াবাদে। তাঁর বাবা অরূপ ভট্টাচার্য ফটিকছড়ি কলেজের অধ্যাপক। অনুপম ২০০৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে এমএস করেন। এরপর তিনি ডাটাবেস ও বায়োইনফরমেটিসের ওপর পিএইচডি করছিলেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েন বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কাজ করতেন।আগামী রোববার অনুপমের লাশ দেশে পাঠানো হবে। নিহত অনুপমের পারিবারিক সূত্রে জানা গেছে, লাশ দেশে আনার পর প্রথমেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে। পরে পরিবারের পক্ষ থেকে তাঁর কাকা অমিত ভট্টাচার্য অনুপমের মৃতদেহ নেবেন। বাসস