যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলি করে তৌহিদুল ইসলাম মারুফ (৩৭) নামের এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। মারুফ একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন। তিনি ১১ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছিলেন।মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সংস্থা ও টেলিভশন খবরটি প্রকাশ করেছে। এতে বলা হয়, তৌহিদের মাথায় গুলি করার পর তাঁকে ব্রে ফ্রন্ট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে এসব সংবাদে তথ্য প্রকাশ করা হয়েছে। যিনি গুলি করেছেন, তিনি পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এবং কৃষ্ণাঙ্গ বলে জানা গেছে। তৌহিদের বড় ভাই ঢাকার বাসিন্দা তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আমরা আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে প্রথম খবরটি জানতে পারি। তৌহিদুলের স্ত্রী নারিশা ইসলাম আমাদের এই খবর জানায়।’