যুক্তরাষ্ট্রে বাঙালি কূটনীতিক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সদর দপ্তর, ২৭ এপ্রিল: পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে থাকা বাঙালি কর্মকর্তাদের সরিয়ে দিচ্ছে। পিটিআই রিপোর্ট।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিউইয়র্কে পাকিস্তানের কনসাল জেনারেল এম এন আই চৌধুরী, ওয়াশিংটনে রাজনীতিবিষয়ক মিনিস্টার এনায়েত করিম এবং তাঁর সহকারীকে হয় সরিয়ে দেওয়া হয়েছে, অথবা তাঁদের দায়িত্বে অন্য কোনো পাকিস্তানি কর্মকর্তাকে বসানো হয়েছে।বাঙালি ভাইস কনসাল এ এইচ মাহমুদ আলী ইসলামাবাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। তিনি নিজের ও স্ত্রীর জন্য যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস দাবি করছে, মাহমুদ আলীকে ঘানায় বদলি করা হয়েছে এবং সে উদ্দেশে তিনি আগাম ভ্রমণভাতাও তুলেছেন—আপাতদৃষ্টিতে এর অর্থ তাঁকে বিপদাপন্ন করা হবে না। তবে মাহমুদ আলী জানিয়েছেন, তাঁকে প্রথমে আক্রায় যোগদান করার আদেশ দেওয়া হলেও ২১ এপ্রিল সে আদেশ বাতিল করে অবিলম্বে ইসলামাবাদে পররাষ্ট্র দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আলী সাংবাদিকদের সে আদেশ দেখিয়েছেনও।নেতৃস্থানীয় বাঙালি কূটনীতিবিদদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি পাকিস্তান দূতাবাস নিশ্চিত না করলেও জানা গেছে, নিউইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব হায়াত মেহেদি নামের একজন পশ্চিম পাকিস্তানি কূটনীতিককে দেওয়া হয়েছে। ওয়াশিংটনে রাজনীতিবিষয়ক মিনিস্টার এনায়েত করিমের স্থলাভিষিক্ত করা হয়েছে অটোয়ায় পাকিস্তান দূতাবাসের কাউন্সিলর জাকিকে।মার্কিন সূত্র জানিয়েছে, মাহমুদ আলীকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক বা না হোক, তাঁকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে অবস্থান করতে দেওয়া হবে।(২৮ এপ্রিল ১৯৭১ প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন