যুক্তরাষ্ট্রে বিভিন্ন অভিযোগে ৪ শতাধিক অভিবাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গত তিন দিনে বিভিন্ন অঙ্গরাজ্যে তল্লাশি চালিয়ে চার শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হঠাত্ তল্লাশি ও ধরপাকড় শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।যুক্তরাষ্ট্রের ইলিনয়, ইনডিয়ানা, উইসকনসিন, কানসাস, মিসৌরি, মিশিগান, ওহাইয়ো, মিনেসোটা ও নোব্রাস্কাতে তল্লাশি ও ধরপাকড় চলে; যা এখন অন্যান্য অঙ্গরাজ্যেও চলছে।মার্কিন কাস্টমস ও ইমিগ্রেশন দপ্তরের শিকাগো অফিসের মুখপাত্র গেইল মনটেনেগ্রো বলেছেন, নতুন করে অবৈধদের অনুপ্রবেশ ঠেকাতে এই ধরপাকড় শুরু হয়েছে।অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, যেসব অবৈধ অভিবাসী বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারের ব্যাপারে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বেশ কিছু অবৈধ অভিবাসী অপরাধে জড়িয়ে পড়ায় জননিরাপত্তা হুমকির সম্মুখীন বলে অভিবাসন বিভাগের মুখপাত্র উল্লেখ করেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শতাধিক অভিবাসী মাদক চোরাচালান ও সশস্ত্র সহিংসতায় আগেই আদালতে দণ্ডিত বলে অভিবাসন বিভাগ থেকে বলা হয়।এ ছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকে অপরাধী চক্রের সদস্য। এর মধ্যে ৫০ জনের নামে আদালতের দেওয়া বিতাড়নের আদেশ রয়েছে।মার্কিন কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশির সময় গ্রেপ্তারকৃতদের বিভিন্ন অঙ্গরাজ্যের ‘ডিটেনশন কেন্দ্রে’ রাখা হয়েছে। অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে এবং আগে দণ্ডপ্রাপ্তদের নামে অভিবাসন আইন লঙ্ঘনের নতুন অভিযোগ আনা হবে বলে জানা গেছে।অভিবাসন বিভাগের পরিচালক জন মরটন বলেছেন, আইন লঙ্ঘন করে সমাজে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে।