যুক্তরাষ্ট্রে বিস্ফোরক পাঠানোর অভিযোগে এক ইয়েমেনি ছাত্রী গ্রেপ্তার
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্যাকেট-ভর্তি বিস্ফোরক পাঠানোর অভিযোগে ইয়েমেনি এক মেডিকেল ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে রাজধানী সানা থেকে গ্রেপ্তার করে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী।গত শুক্রবার ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠানো বিস্ফোরকভর্তি দুটি প্যাকেট উদ্ধার করে ব্রিটেন ও দুবাইয়ের নিরাপত্তাকর্মীরা। ব্রিটেনের নটিংহামের ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দর ও দুবাইয়ের ফেডেক্স করপোরেশনের মালামাল রাখার জায়গা থেকে বিস্ফোরকভর্তি প্যাকেট দুটি উদ্ধার করা হয়। দুবাইয়ে উদ্ধার করা প্যাকেটটি আল-কায়েদার পাঠানো বলে নিশ্চিত হয়েছেন সেখানকার নিরাপত্তা কর্মকর্তারা।এ ঘটনার পর ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের গোয়েন্দা সংস্থাগুলো রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ইয়েমেনের রাজধানী সানার একটি বাসা থেকে ওই মেডিকেল ছাত্রীকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে তাঁর মাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তিনি প্রধান সন্দেহভাজন নন বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আবদেল রহমান বুরমান।ইয়েমেনে অবস্থিত যে কার্গো কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্যাকেট-ভর্তি বিস্ফোরক পাঠানো হয়েছিল, সেখানে সংরক্ষিত ফোন নম্বরের সূত্র ধরে ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখনো গ্রেপ্তার হওয়া ওই ইয়েমেনি তরুণীর নাম-পরিচয় বিস্তারিতভাবে জানানো হয়নি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুধু বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তরুণী মেডিকেলের ছাত্রী এবং তাঁরা বাবা একজন পেট্রলিয়াম প্রকৌশলী। গ্রেপ্তার হওয়া তরুণীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের অতীতে কোনো ধর্মীয় গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার নজির নেই। আইনজীবী আবদেল রহমান বুরমান তাঁর মক্কেলকে নিরপরাধ বলেও দাবি করেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠানো বিস্ফোরকভর্তি দুটি প্যাকেট উদ্ধারের পর ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিস্ফোরকভর্তি প্যাকেট দুটি যুক্তরাষ্ট্রের শিকাগোয় অবস্থিত একটি ইহুদি উপাসনালয়ের ঠিকানায় পাঠানো হচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।—বিবিসি, রয়টার্স