যুক্তরাষ্ট্রে বিয়ের হার কমছে
যুক্তরাষ্ট্রে গত এক শতকে বিয়ের করার হার অনেকটাই কমে এসেছে। এক গবেষণায় দেখা গেছে, এই বিয়ের হার এখন ৩১ দশমিক ১ শতাংশ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই হার গত এক শতকে সবচেয়ে কম বলে দাবি করেছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের বাউলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির দ্য ন্যাশনাল সেন্টার ফর ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ রিসার্চের (এনসিএফএমআর) গবেষকেরা এক সমীক্ষার ভিত্তিতে এ দাবি করেন। ওই সমীক্ষার ফলাফলের বরাত দিয়ে আজ শনিবার পিটিআইয়ের এক খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এখন খুব অল্প সংখ্যক নারী বিয়ে করছেন। এ বিয়ের জন্য তাঁরা সময় নেন। সমীক্ষার ফলাফলে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এখন বিয়ে করার হার ৩১ দশমিক ১ শতাংশ। ১৯২০ সালে বিয়ে করার এই হার ছিল ৯২ দশমিক ৩ শতাংশ। আর ১৯৭০ সালে তা একধাপেই ৬০ শতাংশ কমে যায়।এনসিএফএমআরের সহপরিচালক সুসান ব্রাউন বলেন, ‘বিয়েটা কখনোই বাধ্যতামূলক বিষয় নয়। এটা ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। অনেক নারী-পুরুষ এখন বিয়ে ছাড়া একসঙ্গে থাকতে পছন্দ করেন।’এনসিএফএমআরের সহপরিচালক ওয়েন্ডি ম্যানিং বলেন, নারী-পুরুষের বিয়ে করার বয়স গড়ে ২৭ বছর। এটা দিন দিন বেড়ে যাচ্ছে। এ ছাড়া গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদ বা স্বামীর কাছ থেকে আলাদা থাকা নারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। ১৯২০ সালে এই হার ছিল মাত্র ১ শতাংশ। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশে। সুসান ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্রে এখন বিবাহবিচ্ছেদের হার যেমন বেড়ে যাচ্ছে, তেমনি দ্বিতীয় বিয়ে করার হারও বেশ কমে যাচ্ছে।