যুক্তরাষ্ট্রে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার অভিযোগে গতকাল শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা। ওই ব্যক্তির নাম আমিন আল খালিফি (২৯)। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনের অদূরে তাঁকে গ্রেপ্তার করা হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত আমিন আল খালিফি জন্মসূত্রে মরক্কোর নাগরিক। ১৬ বছর বয়সে ভ্রমণ ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন।এফবিআই জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হলেও রাজধানী ওয়াশিংটন ডিসির নিকটবর্তী আলেকজান্দ্রিয়া এলাকায় খালিফি বাস করছিলেন। আদালতে উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের জানুয়ারি মাস থেকেই খালিফির ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। পরিচয় গোপন রেখে ইউসুফ নামের এক গোয়েন্দা খালিফির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ মানে মুসলমানদের বিরুদ্ধে’ এ কথার সঙ্গে সায় দেন খালিফি। তিনি মুসলমানদের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলার নানা পরিকল্পনার কথা ইউসুফের সঙ্গে আলোচনা করেন। পরিকল্পনা অনুযায়ী ইউসুফের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ রশদ প্রাপ্তির আশ্বাস পান খালিফি। প্রথমে পরিকল্পনা ছিল স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসির জনগুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানো হবে। আর এতে বহু লোকের প্রাণহানি ঘটবে। তবে খালিফি দ্রুত তাঁর পরিকল্পনায় পরিবর্তন এনে ক্যাপিটল হিলে আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ইউসুফ ও অজ্ঞাত আরেক ব্যক্তি তাঁকে প্রয়োজনীয় রশদ সরবরাহ করেন। এ নিয়ে গত মাসে একটি হামলার মহড়াও হয়। মুঠোফোন দিয়ে বিস্ফোরণ ঘটানোর সফল মহড়ার পর খালিফি চূড়ান্ত হামলার জন্য প্রস্তুতি নেন। খালিফির এ দীর্ঘ প্রস্তুতি ও কথোপকথন গোপনে রেকর্ড করেন ইউসুফ। গতকাল শুক্রবার হামলার জন্য ভেজাল বিস্ফোরকসহ খালিফিকে গাড়িতে করে ক্যাপিটল হিলের কাছাকাছি নিয়ে যান ইউসুফ। গাড়ি থেকে নেমে হামলার লক্ষ্যস্থল ক্যাপিটল হিল ভবনের দিকে দ্রুত হাঁটতে থাকেন খালিফি। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন। ঘটনার পর এফবিআই জানিয়েছে, খালিফির কাছে এখনো সত্যিকার মারাত্মক কোনো অস্ত্র সরবরাহ করা হয়নি। তবে সন্দেহাতীতভাবে বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোই ছিল তাঁর উদ্দেশ্য।গত এক বছরে মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে এ ধরনের কমপক্ষে ২০ ব্যক্তি আটকের ঘটনা ঘটেছে। এর মধ্যে ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশিও এখন একই অভিযোগে বিচারাধীন। মানবাধিকার আইনজীবীরা এ ধরনের পাতা ফাঁদে আটক ব্যক্তিদের সংঘটিত অপরাধ নিয়ে প্রশ্ন তুলেছেন। নিছক সরলতা ও আবেগকে প্রভাবান্বিত করে এফবিআই তাদের পাতা ফাঁদে লোকজনকে আটক করছে বলে মানবাধিকার আইনজীবীরা মনে করেন।