যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু
কোটি কোটি ভোটার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দিতে শুরু করেছেন। নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলের হার্ট ল্যান্ডিং ও ডিক্সভিল নচ নামের দুটি শহরে প্রথম ভোট গ্রহণ শুরু হয়। বিবিসি বলেছে, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে প্রায় দুই বছর আগে এবং এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি ডলার।নির্বাচনের এক দিন আগে যেসব জরিপ পরিচালিত হয়েছে, সেগুলোর ফলাফল বলছে, প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী বারাক ওবামা এগিয়ে আছেন।ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ এবং পিউ রিসার্চ সেন্টারের পরিচালিত দুটি পৃথক জরিপের ফলাফল বলছে, ওবামা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছেন।এখন পর্যন্ত তিন কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ছয়টায় ভোট গ্রহণ শুরু হয়। অল্প কিছুক্ষণের সময় ডিক্সভিল নচের ভোট গ্রহণ শেষ হয়ে যায়। গণনাও হয় খুব দ্রুত। দশ ভোটের মধ্যে ওবামা এবং রমনি প্রত্যেকেই পাঁচটি করে ভোট পান। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ডিক্সভিলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই প্রার্থী সমান ভোট পেলেন।স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা।প্রেসিডেন্ট ওবামা তাঁর স্থানীয় শহর শিকাগোতে আগাম ভোট দিয়েছেন। আর রমনি ম্যাসাচুসেটের বেলমন্টে আজ ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইলেকটোরাল কলেজ। দেশটির প্রত্যেকটি অঙ্গরাজ্যের জন্য জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট আছে। নির্বাচনে জিততে হলে কোনো প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ভোট পেতে হবে। নির্বাচনে ভোটাররা কেবল প্রেসিডেন্ট নির্বাচন করবেন না, এর বাইরে কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচন, ১০০ সদস্যের সিনেটের এক-তৃতীয়াংশ এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্য নির্বাচনের জন্যও ভোট দেবেন। ধারণা করা হচ্ছে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান ও ডেমোক্রেটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে।