যুক্তরাষ্ট্রে মুসলিম শিক্ষার্থীদের ওপর গোয়েন্দা নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মুসলিম শিক্ষার্থীদের ওপর কড়া গোয়েন্দা নজরদারি চলছে। কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাঁদের সামাজিক-সাংস্কৃতিক তত্পরতাও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে বেশি মাত্রায় নজরদারি চলছে। মুসলিম শিক্ষার্থীদের প্রার্থনা, সমাবেশ, অনলাইন তত্পরতা নিয়েও নিয়মিত তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পেশ করা হচ্ছে।বার্তা সংস্থা এপি গত সপ্তাহে এ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের উত্থান রোধে প্রশাসনের পক্ষ থেকে এমন গোয়েন্দা নজরদারিকে সমর্থন জানানো হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েল ও পেনস্টেট থেকে মুসলিম শিক্ষার্থীদের সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়। অপরাধজনিত কোনো তত্পরতায় জড়িত না থাকলেও এসব শিক্ষার্থীর তত্পরতা নিয়ে গোয়েন্দাদের প্রতিবেদন জমা দিতে হয়। নিউইয়র্কের পুলিশ-প্রধান রেমন্ড কেলির কাছে এসব প্রতিবেদন জমা দেওয়া হয়। গোয়েন্দা তত্পরতার ব্যাপারে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, এ ধরনের তথ্য সংগ্রহের কারণেই এ পর্যন্ত ১২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ গত মঙ্গলবার বলেন, ‘নিরাপত্তার জন্য এ ধরনের তথ্য সংগ্রহে আমরা দায়বদ্ধ।’ সিরাকাস মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা তানভীর হক বলেন, ‘এমন গোয়েন্দাবৃত্তি নাগরিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের মতো আমাদেরও অবাধ প্রার্থনা ও চলাফেরার অধিকার থাকতে হবে। বিনা কারণে কেন গোয়েন্দার খাতায় আমাদের নাম থাকবে?’এপির প্রতিবেদনে গোয়েন্দা নজরদারিতে থাকা নিউইয়র্ক ছাড়াও নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া রাজ্যের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশিও পড়াশোনা করেন। নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির মুখপাত্র ই জে মিরান্ডা বলেন, মুসলিম শিক্ষার্থীদের বিষয়ে এমন গোয়েন্দা তত্পরতা সম্পর্কে কর্তৃপক্ষ অবগত নয়। বাফেলো ইউনিভার্সিটির এক বিবৃতিতে বলা হয়, তারা সব ধর্মের স্বাধীনতা বা শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আন্তরিক। নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘ইসলামিক থিঙ্কার্স সোসাইটি’র তত্পরতাও তাঁরা পর্যবেক্ষণ করছেন। এ সংগঠনটি যুক্তরাষ্ট্রে ইসলামি আইন চালু করতে চায়। গোয়েন্দা নজরদারির ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির উদীয়মান নেতা কোরি বুকার। নিউ জার্সির নেওয়ার্ক নগরের মেয়র কোরি বুকার মুসলিম শিক্ষার্থীদের ওপর গোয়েন্দা নজরদারির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নজরদারি নিয়ে পুলিশি তত্পরতার পাল্টা তদন্ত করা হবে।