যুক্তরাষ্ট্রে মোদিকে ভিসা নয়
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের ভিসা না দেওয়ার বিষয়টি বহাল রাখার আবেদন জানিয়েছেন ২৫ জন মার্কিন আইনপ্রণেতা। আজ মঙ্গলবার পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের ওই আইনপ্রেণতারা গত ২৯ নভেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে এ-সংক্রান্ত একটি চিঠি লিখেছেন। গতকাল সোমবার ক্যাপিটাল হিলে এব যৌথ সংবাদ সম্মেলনে রিপাবলিকান কংগ্রেসম্যান জে পিটস ও ফ্রাংক ওলফ চিঠির বিষয়টি সাংবাদিকদের জানান। হিলারির কাছে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ভারতের গুজরাটে ২০০২ সালে দাঙ্গার শিকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেননি নরেন্দ্র মোদি সরকার। চিঠিতে উল্লেখ করা হয়, ভারত একটি সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ। উঁচুমানের নেতৃত্ব ও অগ্রগতির জন্য দেশটির জনগণ আশাবাদী। কিন্তু হতাশার খবর হলো, দাঙ্গাকারীদের সঙ্গে সংশ্লিষ্টতার পরও মোদি দেশটির নেতৃত্বে আসতে পারেন বলে ভারতের কিছু দল মনে করছে। মোদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিলে মানবাধিকার লঙ্ঘনের দায় থেকে তাঁকে রেহাই দেওয়া হবে। ২০০৫ সালে মোদিকে যুক্তরাষ্ট্রে ভিসা দিতে অস্বীকৃতি জানায় বুশ প্রশাসন। ওই আইনপ্রণেতারা বলছেন, ভারতে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের জন্য বিদেশি রাষ্ট্রের সমর্থন চাইছেন মোদি। এ কারণে যুক্তরাষ্ট্রে সফরের জন্য আবার আবেদন জানাতে পারেন তিনি।