শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ড, এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপে শ্রমিক অধিকার সমর্থকদের আন্দোলন, টিকফা চুক্তি না হওয়া, বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিলের জন্য এএফএল-সিআইও আবেদন এবং সে দেশের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।মজীনা বলেছেন, এসব কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্র্যান্ড-সংকট তৈরি হচ্ছে। এতে আগামী দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে। মুখ ফিরিয়ে নিতে পারেন যুক্তরাষ্ট্রের ক্রেতারাও।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক মতবিনিময় সভায় এ আশঙ্কার কথা জানান ড্যান ডব্লিউ মজীনা। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ থেকে যত তৈরি পোশাক রপ্তানি হয়েছে, তার ২৫ দশমিক ৮২ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। এ থেকে আয় হয়েছে ৪৬৩ কোটি ডলার।ইউরোপের দেশগুলোতে ঋণসংকট এবং যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার কারণে এমনিতেই বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) হিসাবে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) সার্বিক রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ কমেছে। এপ্রিলে নিট পোশাক খাতের রপ্তানি কমেছে ১১ দশমিক ২০ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০০ কোটি ডলার কম।বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমিনুল ইসলামের হত্যাকাণ্ড বাংলাদেশে আলোড়ন সৃষ্টি না করলেও যুক্তরাষ্ট্রের শ্রমিক অধিকার সংগঠনগুলো এ নিয়ে আন্দোলন করছে। মার্কিন কংগ্রেসের অনেক সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন। বিষয়টি বাংলাদেশে শ্রমিক অধিকারের ক্ষেত্রে নেতিবাচক উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে। তা ছাড়া সাম্প্রতিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমিনুলের নাম উচ্চারণ করে এ হত্যাকাণ্ডের বিষয়ে এ দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে কথা বলেছেন।রাষ্ট্রদূত বলেন, শ্রমিকনেতা আমিনুল এএফএল-সিআইওর অনুমোদিত ঢাকার সলিডারিটি সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন। এএফএল-সিআইও পোশাক খাতে বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করেছে। এই সুবিধা বাতিল হলে এ দেশের তৈরি পোশাক খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না, তবে বাংলাদেশ শ্রমবান্ধব নয়—এমন নেতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রে প্রচার হবে।মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সম্পাদনে দেরি হওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম-সংক্রান্ত বাধ্যবাধকতা পালন থেকে সরে এসেছে বলে মনে করছে ওয়াশিংটন।মজীনা বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাকের একজন বড় ক্রেতা আমাকে মধ্যরাতে ফোন করে বলেছেন, বাংলাদেশের ব্র্যান্ড-সংকট তাঁর কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রতিবেদন হওয়ায় তিনি চিন্তিত। আবারও কারখানায় আগুন লাগার ঘটনায় বিশেষভাবে চিন্তিত ছিলেন তিনি। ...ন্যায্য বাণিজ্যের অংশ হিসেবে তাঁর প্রতিষ্ঠান বাংলাদেশি পণ্যের জন্য বেশি দাম দিতে চায়। কিন্তু প্রতি পোশাকে কয়েক সেন্ট বাঁচানোর চেয়ে তাঁর প্রতিষ্ঠানের সুনাম অনেক বেশি মূল্যবান।’মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বিজিএমইএর কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যই আমাকে জানিয়েছেন, তাঁদের ক্রেতারাও একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি কয়েকজন তাঁদের বাংলাদেশ সফরও বাতিল করেছেন।’জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিলিয়ে বেতন না বাড়ায় এবং আমিনুল ইসলামের মৃত্যু ও অন্যান্য শ্রমিককে হয়রানির ফলে তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে বলে মনে করেন মজীনা। তিনি বলেন, এই হতাশা বেপরোয়া কর্মকাণ্ড আকারে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের বিশৃঙ্খলায় বাংলাদেশি লেবেলের ব্যাপারে ক্রেতারা অস্বচ্ছন্দ বোধ করতে পারেন।আগামী দিনে বাংলাদেশ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক এবং এক-দুই দশকের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন মজীনা। তবে এ জন্য নতুন, উন্নত ও বর্ধিত বন্দর, সড়ক, রেল ও বিমানবন্দর-সুবিধা গড়ে তোলা; গ্যাস ও কয়লার মজুদ অনুসন্ধান করে তা কাজে লাগিয়ে স্থায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা; দুর্নীতি, আইনের শাসন ও বিনিয়োগ পরিবেশের সমস্যাগুলো মোকাবিলা করতে হবে।এ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কৌশল নির্ধারণ করতে বড় রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে টিকফা চুক্তি সম্পাদন পূর্বশর্ত নয়। টিকফা চুক্তি হলেও এ সুবিধা পাওয়া যাবে না। সেটা অন্য টেবিলে আলোচনার বিষয়।বৈঠকে বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম বলেন, ১০ বছর ধরে পোশাক রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার-সুবিধা চেয়ে আসছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব দেশ বেশি শুল্ক দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। আমিনুল হত্যার বিষয়ে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা যখনই তাঁর হত্যার কথা শুনেছি, তখনই এ বিষয়ে শোক ও নিন্দা জানিয়েছি। ঘটনা তদন্ত করে দোষীদের ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছি।’বৈঠকে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।