যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের পরামর্শ
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত-সুবিধা পেতে লবিস্ট নিয়োগ করার পরামর্শ দিয়েছে সফররত মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠকে তারা এ পরামর্শ দেয়। মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ভোজের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী।বৈঠকের পর দীপু মনি তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত-সুবিধা, এ দেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি, আর্থসামাজিক অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কংগ্রেসের সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, এবারের সফরে এসে বাংলাদেশ সম্পর্কে তাঁদের মনে ইতিবাচক ধারণা জন্মেছে। বাংলাদেশের ইতিবাচক দিকগুলো ওয়াশিংটনে তুলে ধরবেন তাঁরা।মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলটি গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (ইউএসএআইডি) সাহায্যপুষ্ট নিরীক্ষা কার্যক্রম দেখতেই প্রতিনিধিদলের এই সংক্ষিপ্ত ঢাকা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলো ডটকমকে বলেন, মার্কিন কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান পার্টির সদস্য জ্যাক কিংসটন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হলেও মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধাসহ (জিএসপি) দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ ছাড়াও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও তেজগাঁওয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধিদলের। বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার পক্ষ থেকে তৈরি পোশাক কারখানার পরিস্থিতির উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেওয়া হবে।ঢাকা ও ওয়াশিংটনে কর্মরত বাংলাদেশের দুই কূটনীতিক গতকাল সন্ধ্যায় ‘প্রথম আলো’কে বলেন, মার্কিন কংগ্রেসের এই দলের প্রাথমিক সফর পরিকল্পনায় বাংলাদেশ ছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি-সুবিধা বাতিলের বিষয়টি সামনে আসায় এই প্রতিনিধিদলকে ঢাকায় আসার অনুরোধ জানায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ বিপজ্জনক—এমনটা উল্লেখ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রন কার্ক বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে চিঠি লিখেছেন। পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশের জিএসপি-সবিধা বাতিলের কথাও মার্কিন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা উল্লেখ করেন। বিষয়টি নিয়ে আগামী মার্চের শেষ সপ্তাহে কংগ্রেসে শুনানি হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণমাধ্যমে বেশ লেখালেখি হচ্ছে। তাই ভারত সফরের সময় কংগ্রেস সদস্যদের ঢাকা সফরের অনুরোধ জানায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলটি আজ সন্ধ্যা সাতটায় দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।